শুরু হচ্ছে ৬৪ জেলার পণ্য নিয়ে তিন দিনব্যাপী বিসিক শিল্পমেলা
দেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী ও বিশেষায়িত পণ্য এক ছাদের নিচে তুলে ধরতে রাজধানীতে তিন দিনব্যাপী শিল্পমেলার আয়োজন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। আগামী ২৯ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হবে ‘বিসিক শিল্পমেলা—এক জেলা এক পণ্য ২০২৬’। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বিসিকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বেনজীর আহমেদ। তিনি জানান, ‘দেশ থেকে বিশ্বে’ স্লোগান সামনে রেখে এই মেলার আয়োজন করা হচ্ছে এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের নির্বাচনি ইশতেহারের ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগ বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে এত বড় পরিসরে এ আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।
মেলায় ৬৪টি জেলার বৈচিত্র্যময় পণ্য প্রদর্শনের পাশাপাশি বিক্রির ব্যবস্থা থাকবে। জামদানি, তাঁত, নকশিকাঁথা, মৃৎশিল্প, বাঁশ-বেতের সামগ্রী, পাটজাত পণ্যসহ খাদ্য ও কৃষিভিত্তিক নানা ঐতিহ্যবাহী পণ্যের পসরা সাজানো হবে। পাশাপাশি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের জন্য আলাদা কর্নার, ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের প্রদর্শনী এবং হস্ত ও কারুশিল্প তৈরির সরাসরি প্রদর্শন দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। আয়োজকদের প্রত্যাশা, তিন দিনে এতে দেড় থেকে দুই লাখ দর্শনার্থীর সমাগম হবে।
বিসিক চেয়ারম্যান জানান, গ্রামীণ অর্থনীতিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই উদ্যোক্তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে এবং অংশগ্রহণে কোনো ফি দিতে হবে না। দেশের প্রতিটি জেলার নিজস্ব উৎপাদন শক্তি ও ঐতিহ্য থাকলেও অনেক পণ্য এখনো দেশ-বিদেশের বাজারে কাঙ্ক্ষিত পরিচিতি পায়নি, আর সেই সম্ভাবনাকে কাজে লাগাতেই এই উদ্যোগ।
একই আয়োজনে পাঁচটি শ্রেণিতে ১২ জন দক্ষ কারুশিল্পীকে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। এর মধ্যে শ্রেষ্ঠ কারুশিল্পী হিসেবে একজন পাবেন কারু রত্ন, পাঁচজন পাবেন কারু গৌরব, আর ক্ষুদ্র ও নৃগোষ্ঠী, দক্ষ নারী ও তরুণ দক্ষ কারুশিল্পী শ্রেণিতে দুজন করে সম্মাননা পাবেন। নতুন প্রজন্মকে কারুশিল্পে আগ্রহী করে তুলতেও এ স্বীকৃতি ভূমিকা রাখবে বলে মনে করছে বিসিক।
সংবাদ সম্মেলনে মেলা ও পুরস্কার সংক্রান্ত তথ্য সহজে সবার কাছে পৌঁছে দিতে একটি বিশেষ ওয়েবসাইটও উদ্বোধন করা হয়। আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটে আয়োজনের উদ্দেশ্য, কর্মসূচি ও অংশগ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন।
বিভি/এমএফআর













মন্তব্য করুন: