নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও বৈদেশিক মুদ্রাবাজারে বিনিময় হারের চাপ কমাতে পারছে না বাংলাদেশ ব্যাংক; বরং ব্যাংকগুলোর মধ্যে ডলার কেনার প্রতিযোগিতায় বাজারে বাড়ছে অস্থিরতা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে সাধারণত টিটি ক্লিন, টিটি ডকুমেন্ট ও ওডি সাইট বিনিময় হার অনুসরণ করা হয়। অন্যদিকে, বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলো সাধারণত বিসি বিনিময় হার ব্যবহার করে। আমদানি বিল পরিশোধ বা বৈদেশিক মুদ্রায় আমদানি-সংক্রান্ত দায় মেটানোর সময় ব্যাংক গ্রাহকদের কাছ থেকে যে দরে বৈদেশিক মুদ্রা বিক্রি করে, তাকে বিসি সেলিং রেট বলা হয়।
এ অবস্থায় নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার হিসেবে বিসি সেলিং রেট নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে কোনো ব্যাংকই নির্ধারিত এই হারের চেয়ে বেশি দামে গ্রাহকের কাছে নগদ ডলার বা অন্য বৈদেশিক মুদ্রা বিক্রি করতে পারবে না।
কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে নগদ বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য একটি সর্বোচ্চ মূল্যসীমা কার্যকর হবে। এতে ব্যাংকভেদে নগদ ডলার বিক্রির দরে অতিরিক্ত পার্থক্য এবং গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত হারের বেশি অর্থ নেওয়ার সুযোগ সীমিত হবে।
বিভি/এমএফআর













মন্তব্য করুন: