• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে এক লাফে স্বর্ণের দাম বাড়লো ৩ শতাংশ, দেশে ভরি কত?

প্রকাশিত: ১৯:০৩, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিশ্ববাজারে এক লাফে স্বর্ণের দাম বাড়লো ৩ শতাংশ, দেশে ভরি কত?

টানা কয়েক দিনের দরপতনের পর বিশ্ববাজারে আবারও ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। ডলারের দর ও শেয়ারবাজারে কিছুটা স্থিতিশীলতা ফেরায় শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে।

এদিন বাংলাদেশ সময় বেলা ২টা ৩৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৭০ দশমিক ৬৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৬৯ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে।

সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কয়েক দিনের দরপতনের পর বিনিয়োগকারীরা আবার স্বর্ণ কেনার দিকে ঝুঁকছেন। সাম্প্রতিক বিক্রির চাপ কাটিয়ে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারগুলো স্থিতিশীল হতে শুরু করেছে। এটি স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক।

তার মতে, শেয়ারবাজারে দরপতনের সময় অনেক বিনিয়োগকারী নগদ অর্থ সংগ্রহ এবং অন্যান্য খাতের লোকসান সামাল দিতে স্বর্ণ বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। সেই চাপ কমে আসায় বাজারে আবার ক্রেতাদের উপস্থিতি বাড়ছে।

স্বর্ণের দাম দ্রুত ৫ হাজার ডলারে পৌঁছাবে বলে মনে করেন না এই বিশ্লেষক। তবে প্রতি আউন্সের দাম ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ ডলারের মধ্যে ফিরে যাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৪ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্লাটিনামের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬০ দশমিক ৮২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯১৩ দশমিক ০৭ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারিত রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত