মাদকসেবনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০
রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের মাঠে মাদকদ্রব্য সেবনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত দুই শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) বিকালে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই প্রতিষ্ঠানের শাহজাহান কবীর ছাত্রাবাসের একদল শিক্ষার্থী মাঠে বসে মাদকসেবন করছিল। এতে কলেজের অনাবাসিক শিক্ষার্থীরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় লাঠি, ব্যাট, স্ট্যাম্প দিয়ে তারা একে-অপরের ওপর চড়াও হয়। এ ঘটনায় মামুন মিয়া ও প্রতীক হাসান গুরুতর আহত হলে তাদের কলেজের অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে মামুনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহত শিক্ষার্থী প্রতীক হাসান ও কম্পিউটার বিভাগের সপ্তম সেমিস্টারের ফারুক মিয়া বলেন, কলেজ হোস্টেলের ছাত্ররা কলেজে বেপরোয়া আচারণ করে আসছে। তারা কলেজে অবাধে মাদকসেবন করে শিক্ষার পরিবেশ নষ্ট করছে। আমরা তাদের বাধা দিতে গেলে তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের মারধর করে।
রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গত রবিবার শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। সোমবার উভয়পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদের বিকাল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে কলেজের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: