‘নিষিদ্ধ লীগের’ নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের দেশব্যাপী নৈরাজ্য, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখা। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি সায়েন্সল্যাব মোড় অতিক্রম করে পুনরায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান’, ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘টুঙ্গিপাড়ার আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না’—এমন স্লোগান দিতে শোনা যায়।
বিক্ষোভ মিছিল-পরবর্তী বক্তব্যে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, ২০২৪ সালের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের শুধরে যাওয়ার সুযোগ দেওয়া হলেও তারা অতীত কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। ভবিষ্যতে তাদের কোনো ষড়যন্ত্র বা অপতৎপরতা দেখা গেলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া হবে না। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা পেলে গোপালগঞ্জ অভিমুখে লংমার্চ করার কথাও জানান তিনি।
এ সময় ঢাকা কলেজে নিরাপদ ক্যাম্পাস বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও কলেজের ঐতিহ্য সমুন্নত রাখতে ঢাকা কলেজ ছাত্রদল বদ্ধপরিকর।
ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মোঃ মিল্লাদ হোসেন বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ দেশের সব ছাত্রসংগঠন ও গণতান্ত্রিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে। ২০২৪ সালের মতো ভবিষ্যতেও দেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান, আবির রায়হান, শাহাবুদ্দিন ইমন, আনিসুর রহমান আনিস, জিয়াউর রহমান খন্দকার, শামীম শেখ ও শোয়াইব আহমেদ সজিব। এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্যসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা এতে অংশ নেন।
বিভি/ডিসি/পিএইচ













মন্তব্য করুন: