প্রথমবার THE র্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবি, সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন (THE) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিংস ২০২৭-এ স্থান অর্জন করেছে। এ র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি বিশ্বব্যাপী ৫০১–৬০০তম অবস্থানের মধ্যে রয়েছে এবং বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. শহীদুল ইসলাম আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বৃদ্ধিতে অব্যাহত প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট কমিটিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের অবদানের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান কোয়ালিটি রিভিউ অ্যান্ড র্যাঙ্কিং কমিটিকে (কিউআরআরসি) ধন্যবাদ জানান।
তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন এবং এ লক্ষ্যে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিংস তিনটি মূল্যায়ন স্তম্ভের ভিত্তিতে প্রণীত হয়। এগুলো হলো: ১) ইনপুটস (১৯%), যার মাধ্যমে আন্তঃবিষয়ক গবেষণা ও শিল্প খাত থেকে প্রাপ্ত গবেষণা অর্থায়ন মূল্যায়ন করা হয়; ২) প্রসেস (১৬%), যার আওতায় গবেষণা-সংশ্লিষ্ট অবকাঠামো, প্রশাসনিক সহায়তা, সফলতার পরিমাপক এবং পদোন্নতি ও স্থায়ীকরণ নীতিমালা মূল্যায়ন করা হয়; এবং ৩) আউটপুটস (৬৫%), যার মাধ্যমে আন্তঃবিষয়ক গবেষণা প্রকাশনার সংখ্যা, মোট প্রকাশনায় এর অনুপাত, সাইটেশন প্রভাব ও সুনাম মূল্যায়ন করা হয়।
সামগ্রিক মূল্যায়নে আউটপুটস স্তম্ভের গুরুত্ব সর্বাধিক। এ স্তম্ভে মাভাবিপ্রবি সর্বোচ্চ ৪৫ স্কোর অর্জন করেছে।
১৮ নভেম্বর ২০২৬ তারিখে টাইমস হায়ার এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিংস প্রকাশ করে।
বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ অ্যান্ড র্যাঙ্কিং কমিটির (কিউআরআরসি) সচিব অধ্যাপক ড. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ উল্লেখযোগ্য অর্জনে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।
বিভি/এসজি













মন্তব্য করুন: