জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর জন্মবার্ষিকী আজ
আজ ১৯ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী জমিদার কিশোরীলাল রায় চৌধুরীর ১৭৮তম জন্মবার্ষিকী। ১৮৪৮ সালের এই দিনে মানিকগঞ্জের বালিয়াটি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম জগন্নাথ রায় চৌধুরী। ১৯২৫ সালের ৩ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
কিশোরীলাল রায় চৌধুরীর নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তার উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় একটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান ধীরে ধীরে বৃহত্তর শিক্ষাকেন্দ্রে পরিণত হওয়ার পথ পায়, যার ধারাবাহিকতায় আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিকাশ।
১৮৫৮ সালে দীননাথ সেন, প্রভাতীচরণ রায়, অনাথবন্ধু মল্লিক ও ব্রজসুন্দর কৈত্র ঢাকায় ‘ঢাকা ব্রাহ্ম স্কুল’ প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে আর্থিক সংকটে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়লে কিশোরীলাল রায় চৌধুরী এর দায়িত্ব গ্রহণ করেন। তিনি স্কুলটি আরমানিটোলা থেকে বর্তমান অবস্থানে স্থানান্তর করেন এবং তার পিতা জগন্নাথ রায় চৌধুরীর নাম অনুসারে এর নাম রাখেন ‘জগন্নাথ স্কুল’।
শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নে কিশোরীলালের ভূমিকা এখানেই থেমে থাকেনি। তার উদ্যোগে ১৮৮৪ সালে স্কুলটি দ্বিতীয় শ্রেণির কলেজে উন্নীত হয়। পরবর্তী সময়ে ১৯০৮ সালে এটি প্রথম শ্রেণির কলেজের মর্যাদা লাভ করে। ধাপে ধাপে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে এবং দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে।
দীর্ঘ পথপরিক্রমায় ১৯৬৮ সালে প্রতিষ্ঠানটি সরকারি কলেজে রূপান্তরিত হয়। পরে ২০০৫ সালে জগন্নাথ কলেজ পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। এভাবেই কিশোরীলাল রায় চৌধুরীর উদ্যোগে বিকশিত শিক্ষাপ্রতিষ্ঠানটি আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।
শিক্ষা বিস্তারে অবদানের পাশাপাশি জনহিতকর কাজেও কিশোরীলাল রায় চৌধুরীর ভূমিকার কথা উল্লেখ করা হয়। মানিকগঞ্জের বালিয়াটিতে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তার এসব অবদান তাকে স্থানীয় ইতিহাসে একজন শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় করে রেখেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কিশোরীলাল রায় চৌধুরীর অবদান কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা, বিকশিত করা এবং উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করার উদ্যোগের মধ্যেই তার ঐতিহাসিক গুরুত্ব নিহিত।
বিভি/ক্যাম্পাস/পিএইচ













মন্তব্য করুন: