• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ছাত্রী হেনস্তার বিচার দাবিতে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয়

রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ২১:১৮, ৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ছাত্রী হেনস্তার বিচার দাবিতে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহার বিরুদ্ধে নিজ বিভাগের ছাত্রীকে উত্ত্যক্ত, অশোভন ইঙ্গিত ও হেনস্তার অভিযোগে উত্তাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। পাশাপাশি বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে জানালে তা ধামাচাপা দেয়ার চেষ্টা করায় তারও বিচারের দাবিতে বিভাগের সকল শিক্ষার্থী ক্লাস পরীক্ষা বর্জন করে বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছে।

বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পরে বিভাগে তালা ঝুলাতে গেলে শিক্ষার্থীদের সাথে বাক বিতণ্ডায় জড়ায় প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি ও রেজুয়ান আহমেদ শুভ্র। এসময় বিভাগ ছাড়ার আল্টিমেটাম দেয়া হয় বিভাগের সকল শিক্ষকদের। তবে তাদের বেরিয়ে না আসায় প্রক্টরসহ সকল শিক্ষককে রমে অবরুদ্ধ করে রাখা হয়।

এসময় তারা বিভাগের নাম ফলক কালো কাপড় দিয়ে ঢেকে দিয়ে সাজন সাহা ও রেজুয়ান আহমেদ শুভ্রের নামফলক পুড়িয়ে ফেলেন। এরপর প্রায় ৩০ মিনিট পর প্রক্টরিয়াল বডির নিরাপত্তায় বিভাগ থেকে বেড়িয়ে আসেন রেজুয়ান আহমেদ শুভ্র ও অন্যান্য শিক্ষকরা। 

পরে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি র‍্যালি ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে শুরু হয়ে বিভিন্ন স্লোগান ও দুয়োধ্বনি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং প্রশাসনিক ভবনে এসে অবস্থান নেয়। র‍্যালি শেষে তারা উপাচার্য বরাবর তাদের দাবি জানায়। বুধবার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. আতাউর রহমানকে আহ্বায়ক, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ও সিন্ডিকেট সদস্য উম্মে সালমা তানজিয়া ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য ড. এ কে এম আব্দুর রফিককে সদস্য করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এর আগে গত মঙ্গলবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহার বিরুদ্ধে অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় হয়রানি এবং বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রর বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ জানিয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন একই বিভাগের ভুক্তভোগী ঐ শিক্ষার্থী। এ ঘটনায় দ্রুত বিচারের আশ্বাস জানান উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত