আবারও শর্টকোর্স ঐক্যপরিষদের সংবাদ সম্মেলন
ছবি: শর্টকোর্স ঐক্যপরিষদের সংবাদ সম্মেলন
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ঘন্টা মেয়াদি) কোর্সসমূহ কারিগরি বোর্ডের অধিনেই চলমান রাখার দাবিতে আবারও সংবাদ সম্মেলন করেছে শর্টকোর্স ঐক্যপরিষদ। রবিবার (১০ মার্চ) দুপুর ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শর্ট কোর্স ঐক্য পরিষদ বাংলাদেশের আয়োজনে ‘দাবি মোদের একটাই কারিগরি বোর্ডে থাকতে চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মো. রুহুল আমিন এবং শর্টকোর্স ঐক্যপরিষদের প্রধান সমন্বয়ক মো. নাসির উদ্দিন ভূইয়া লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তব্যে নাসির উদ্দিন ভূইয়া বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ১৯৯৫ সাল হতে জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ঘন্টা মেয়াদি) কোর্সসমূহ যথাযথভাবে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে সারাদেশে প্রায় ৩ হাজার ৫০০টি সরকারি, বেসরকারি ও একটি এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে কোর্সটি চলমান। যা থেকে প্রতি বছর প্রায় ৩ লাখ তরুণ-তরুণীকে ১২১টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর মাধ্যমে কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরি করা হচ্ছে।
তিনি আরও বলেন, এই কোর্স হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষতার সাথে উল্লেখযোগ্য সংখ্যক উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকার সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা পালন করছে। এছাড়া কিছু সংখ্যক দক্ষ কর্মী হিসেবে বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে রেমিটেন্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সর্বোপরি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এই কোর্সটি কারিগরি শিক্ষার হার বৃদ্ধিসহ উন্নয়নের মাধ্যমে দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আইনে এসব কোর্স পরিচালনার দায়িত্ব কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ওপর ন্যস্ত করা হয়েছে।
নাসির উদ্দিন ভূইয়া বলেন, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একটি স্বতন্ত্র বোর্ড। ২০১৮ সনের ৬৬ নম্বর আইনে বিভিন্ন কোর্স পরিচালনা ও সনদায়নের ক্ষমতা স্বীকৃত বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের উপর ন্যস্ত করা হয়েছে। ফলে এই কোর্সসমূহ পরিচালনার ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা বোর্ডকে দেওয়া হয়েছে। এ ছাড়া কারিগরি বোর্ডের এ সকল কোর্সগুলো পরিচালনা করার সব সক্ষমতা ও দক্ষ জনবলও রয়েছে। কোর্সগুলো বন্ধ করলে দেশের কারিগরি শিক্ষার হার মুখ থুবরে পড়বে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শর্টকোর্স ঐক্য পরিষদের সমন্বয়ক, মো. মোস্তাফিজার রহমান, শামীম আরা বেগম, মো. আফসার আলী, মো. জাকির হোসেন স্বপন, মো. মুনিরুজ্জামান আকনসহ দেশের সকল জেলা কমিটির সম্মানিত সদস্য ও পরিচালকবৃন্দ।
বিভি/এমআর













মন্তব্য করুন: