‘নারী আজ দশভুজার মতো সর্বত্র’
আজ কোথায় নেই নারী? প্রধানমন্ত্রী থেকে শুরু করে, দেশের প্রতিটি কর্মক্ষেত্রে নারী আছেন। নারী আজ দশভুজার মতো সর্বত্র। আর থাকবে না-ই বা কেনো! মেয়েরা পারে না এমন কিছুই নাই বলে মন্তব্য করেন, ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য এ্যারোমা দত্ত।
সোমবার (১১ মার্চ) সকালে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী নারী উন্নয়নে যথেষ্ট কাজ করেছেন। নারীদের এগিয়ে নিতে তার নানা পদক্ষেপ প্রশংসায় চেয়েও বেশি কিছু। জাফরুল্লাহ প্রথম নারীদের ড্রাইভিং প্রশিক্ষণ দেন ও নিয়োগ দেন। পূর্বে হিন্দু নারীদের পুড়িয়ে ফেলা হতো। সতীদাহ প্রথা ভেঙেছিলেন রাম মোহন রায়। বর্তমান প্রজন্মকেও নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। গর্ভে নারী সন্তান আসলে ভ্রুণ হত্যা করা হয়, এ বৈষম্য ভেদ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, নারী ও পুরুষের অবস্থানের অনেক পরিবর্তন হয়েছে কিন্তু আশানুরূপ ফল নারীরা ভোগ করতে পারে না। বিভিন্ন কাজের ক্ষেত্রে নারীরা অনেক বেশি এগিয়ে থাকে অথচ তারা প্রাপ্য মর্যাদা পায় না। এজন্য আমাদের মানসিকতা পরিবর্তনের পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করার প্রচেষ্টা চালাতে হবে। খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য হোস্টেলের ব্যবস্থা করবেন বলেও ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা বলেন, নারীর প্রতি বৈষম্য কেন হবে? সমাজে যদি একে-অপরের প্রতি সম্মান না থাকে তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। অভিন্ন পারিবারিক আইন যত দিন কার্যকর না হবে ততদিন নারীর ক্ষমতায়ন সম্ভব হবে না। সমাজকে সুপ্রতিষ্ঠিত করার দায়িত্ব নারী-পুরুষ উভয়েরই শুধু আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।
আলোচনা সভায় প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে উপস্থিত সকলে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। এর আগে 'নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ'-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে শুরু করে বাদামতলা হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানের শেষে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, রেজিস্ট্রার এস তাসাদ্দেক আহমেদ, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং নারী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক নিলুফা সুলতানা, এছাড়াও বিশেষ আলোচক ছিলেন- দীপ্ত ফাউন্ডেশনের উন্নয়ন বিশ্লেষক জাকিয়া কে হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ তন্বী এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আয়শা সিদ্দিকা।
বিভি/টিটি













মন্তব্য করুন: