• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বুয়েটের ছাত্ররাজনীতি নিয়ে কি ভাবছেন শিক্ষার্থীরা?

জয়নাল আবেদীন, বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৫:৫৯, ৩ এপ্রিল ২০২৪

আপডেট: ২০:১৮, ৩ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
বুয়েটের ছাত্ররাজনীতি নিয়ে কি ভাবছেন শিক্ষার্থীরা?

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ছাত্ররাজনীতি।সম্প্রতি দেশের মানুষের কাছে বিষয়টি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ছাত্ররাজনীতি থাকবে নাকি থাকবেনা পক্ষে-বিপক্ষে অবস্থান করছেন বুয়েটের শিক্ষার্থীরা। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে শেরেবাংলা হলে পিটিয়ে হত্যার পরে ১১ অক্টোবর বুয়েটে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। ২০২৪ সালের মার্চের দিকে এসেই বুয়েটে রাজনীতি পুনরায় জাগ্রত করতে তৎপর ছাত্রলীগ।অন্যদিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে করা আন্দোলনরত শিক্ষার্থীরা চায় বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধই থাকতে।

গত ১ এপ্রিলে হাইকোর্টে রিট করলে বুয়েটের জরুরি বিজ্ঞপ্তি স্থগিত করে তথা ছাত্ররাজনীতি করতে আর বাধা থাকবে না। তবে ছাত্ররাজনীতি বিশ্ববিদ্যালয়ের জন্য কতটুকু যৌক্তিক! বর্তমানে বুয়েটের ছাত্ররাজনীতিতে শিক্ষার্থীরা সুফল পাবে নাকি অস্থিতিশীল পরিবেশ পুনরায় জন্ম দিবে?  এসব প্রশ্নের উত্তর খুঁজতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত তুলে ধরেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জয়নাল আবেদীন,,,,

‘ছাত্রসংসদ ভিত্তিক রাজনীতি চালু করা যেতে পারে’

ছাত্ররাজনীতির নিষিদ্ধের দাবীতে বুয়েটের শিক্ষার্থীদের একজোট হওয়ার পেছনে একমাত্র কারণ ছিলো রাজনীতিতে অবৈধভাবে হল দখল, চাঁদাবাজি, হয়রানি সহ নানাবিধ সন্ত্রাসী কর্মকান্ডকে প্রতিরোধ করে ক্যাম্পাসে একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করা। আবরার ফাহাদকে নারকীয় কায়দায় নির্যাতন করে হত্যা করার মাধ্যমে একটি রাজনৈতিক দলের ছাত্রসংগঠন তার সন্ত্রাসী চরিত্রের যে ঘৃণ্য ছবি উন্মুক্ত করেছে, সেই চরিত্র যাতে পুনরায় বুয়েটে ফিরে না আসে সেজন্য বুয়েটের শিক্ষার্থীরা একজোট হয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিলো।পুনরায় ছাত্রলীগ বুয়েটে তাদের রাজনৈতিক কর্মকান্ড চালু করতে মরিয়া হয়ে উঠেছে।শুধু ছাত্রলীগ না,ক্ষমতাসীন দলের লোকেরা একই পন্থা অবলম্বন করে থাকে।ছাত্ররাজনীতিতে তাদের স্বভাবসুলভ কায়দায় 'ট্যাগিং' ও হামলার ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এই শিক্ষার্থীদের আন্দোলনকে ভণ্ডুলের চেষ্টা করে রাজনীতি প্রবেশ করাতে চাচ্ছে। তারা ভুলে যাচ্ছে যে, আবরার ফাহাদের রক্তের দাগ এখনো বুয়েট ক্যাম্পাস থেকে মুছে যায়নি। আবরার ফাহাদের রক্তের বিনিময়ে বুয়েট ক্যাম্পাসে যে সন্ত্রাসের রাজনীতির ইতি ঘটেছিলো, সেই সন্ত্রাসের রাজনীতি বুয়েট ক্যাম্পাসে ফিরিয়ে আনার অর্থ হলো আবরার ফাহাদের রক্তের সাথে বেইমানি করা। অথচ দেখা গেলো যে, শিক্ষার্থীদের মতামতকে অগ্রাহ্য করে হাইকোর্ট বুয়েটে সাংগঠনিক রাজনীতি চর্চার অনুমতি দিয়ে দিয়েছে। বুয়েটের শিক্ষার্থীরা এই রায়ে অসন্তুষ্ট হলেও বুয়েট উপাচার্য শিক্ষার্থীদের মতামতকে আর গুরুত্বপূর্ণ মনে করছে না বলেই দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিকে দেয়া সাক্ষাৎকার থেকে স্পষ্ট। 
 
বাংলাদেশের ছাত্র রাজনীতি দলীয় হস্তক্ষেপ, লেজুড়বৃত্তি, সন্ত্রাসী চর্চা ও পেশিশক্তির রাজনীতির সমার্থক হয়ে উঠেছে।যেটি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ছিলোনা।তখন ছাত্ররা রাজনীতি করত সাধারণ শিক্ষার্থীর অধিকার আদায়ে ও মানুষের কল্যাণে। শিক্ষার্থীবান্ধব রাজনীতির বাইরে গিয়ে মূল দলের নেতৃত্বের অন্ধ অনুকরণ ও তাদের হুকুম মান্য করাকেই ছাত্র রাজনৈতিক বাস্তব চিত্র হিসেবে শিক্ষার্থীদের মনে ফুটিয়ে তোলা হয়েছে। ফলে শিক্ষার্থীদের মনে ছাত্র রাজনীতি সম্পর্কে জন্ম নিয়েছে বিতৃষ্ণা, ঘৃনা ও বিদ্বেষপূর্ণ ধারণা। শিক্ষার্থীদের ছাত্ররাজনীতি বিমুখ হয়ে ওঠার যে জোয়ার দেখা যাচ্ছে, তা ছাত্রসংসদ কেন্দ্রিক আদর্শিক রাজনীতির বাইরে গিয়ে ছাত্রসংগঠনগুলোর দলীয় লেজুড়বৃত্তিক চর্চারই প্রতিক্রিয়া। শিক্ষার্থীদের রাজনৈতিক মানস বিকাশের স্বার্থে সুস্থ রাজনৈতিক চর্চায় ঘেরা গণতান্ত্রিক পরিসর সম্পন্ন ক্যাম্পাস আবশ্যক। তাই দলীয় লেজুড়বৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বাইরে গিয়ে ভয়ের সংস্কৃতিমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে অবিলম্বে বুয়েট সহ সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্ররাজনীতি চালু করতে হবে। সেইসাথে ছাত্র-নাগরিক সংহতি ও জাতীয় স্বার্থের পক্ষে চিন্তাভিত্তিক ছাত্র রাজনীতি গড়ে তুলতে হবে।

রিফাত রশিদ 
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ 
ঢাকা বিশ্ববিদ্যালয়।

‘ছাত্ররাজনীতি এখন ক্ষমতাসীন দলের লেজুড়বৃত্তিক’

বুয়েটে ছাত্ররাজনীতি লাগবে কি লাগবেনা এই প্রশ্ন করার আগে আমাদের এটা বুঝতে হবে যে বুয়েটসহ সারাদেশের সকল প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতির আমরা কি দেখছি। এক অর্থে সারাদেশের ছাত্ররাজনীতি বলতে ক্ষমতাসীন দলের লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন  রাজনীতিকেই দেখে আসছি আমরা। এখানেও আবার রাজনীতি বলতে গণরুম, র‍্যাগিং, চাঁদাবাজি, ট্যান্ডারবাজি, ধর্ষণ, নির্যাতন, শিক্ষক নিয়োগে প্রভাব খাটানো, মাদক সিন্ডিকেট গড়ে তোলা সহ নানানরকম অপরাধ কর্মকান্ডই সংগঠিত হয়।যে দল যখন ক্ষমতায় তখন এমনটায় লক্ষ্য করা যায়। এর বাইরে কিছু নেই। এতকিছুর পরেও এই বুয়েট ৯০ পরবর্তী ছাত্ররাজনীতিতে একটি মহাগুরুত্বপূর্ণ কাজ করে দেখালো আমাদের। যদিও এই অবস্থায় আসার জন্য তাদের বিসর্জন দিতে হয়ে তাজা মেধাবী একটি প্রাণ। বুয়েট দেখিয়েছে রাজনৈতিক দলের ব্যানারের বাইরে গিয়েও কিভাবে ঐক্য গড়ে তোলে শিক্ষার্থীর লেবাসে থাকা সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে দাঁড়ানো যায়। ছাত্ররাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতিটি বুয়েটের এই অরাজনৈতিক গোষ্ঠীটিই করে দেখিয়েছে৷ কিন্তু দুঃখের বিষয় মহামান্য আদালত বুয়েটের এই শিক্ষার্থীদের বিসর্জন, ত্যাগ, পরিশ্রমকে আমলে না নিয়েই একটি রায় দিয়েছে৷ যদিও বলা হয়েছে বুয়েটে ছাত্ররাজনীতিতে বাধা নেই কিন্তু আমরা জানি শুধুমাত্র আবরারকে হত্যার সাথে জড়িত সংগঠনটিই আবার বুয়েটে রাজনীতি করার সুযোগ পাবে। সেখানে অন্য দল, মতের কোনো জায়গা হবেনা। আবার আবরারের মত কাউকে প্রাণ দেওয়া হতে পারে।সেটি হোক এই পক্ষ বা বিপক্ষ।যেকারণে ঘটুক ছাত্ররাজনীতি জন্ম দিলেই এমন আশঙ্কা থেকে যাবে।সেটি শুধু বুয়েট নয়, অন্য কোথাও।

তৌহিদ সিয়াম
শিক্ষার্থী,আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

‘ছাত্ররাজনীতি সংস্কার করে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি করা যেতে পারে’

সম্প্রতি বুয়েটে ছাত্র রাজনীতি থাকা না থাকার প্রশ্নে পক্ষে বিপক্ষে অনেক যুক্তিই আছে। কিন্তু পক্ষে বিপক্ষে যুক্তি কোনো সমাধান না। দেশে প্রয় ৪০+ পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। প্রায় সব বিশ্ববিদ্যালয়েই ছাত্র রাজনীতি আছে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি বলতে আমরা বুঝি রাজনৈতিক দলের ছত্রছায়ায় গড়ে ওঠা ছাত্র সংগঠনগুলোর তৎপরতা। এই ধরনের তৎপরতা সুফলের চেয়ে কুফল বয়ে আনছে। কিন্তু ছাত্র রাজনীতির সুফল যে আছে সেটা তো জানেন যারা নব্বয়ের দশকে এরশাদ বিরোধী আন্দোলন করেছিলেন কিংবা ১৯৫২, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০ এ যারা পাকিস্তান বিরোধী আন্দোলন করেছিলেন তারা। তাই আমার মতামত বুয়েটে ছাত্র রাজনীতি থাকতে পারে। তবে সেটা নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি। বুয়েটে ছাত্র রাজনীতির রূপরেখা কেমন হবে সেটা ঠিক করবে বুয়েটের ছাত্ররা। তারা চাইলে ছাত্র সংসদ গঠন করে নিয়মতান্ত্রিক রাজনীতি চালিয়ে যেতে পারে কিংবা প্রচলিত উপায়ও পারে। এটা তাদেরকেই ঠিক করতে হবে। আর কোন আবরার ফাহাদের অপমৃত্যু নিশ্চয়ই বুয়েট ক্যাম্পাস দেখতে চাইবে না। প্রচলিত ছাত্র রাজনীতিকে যদি সংস্কার করার দরকার হয় তবে সেখানেও বুয়েটিয়ানদের অংশগ্রহন জরুরি। তাই সবাসরি ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির প্রবর্তন করুক বুয়েট। ছাত্র সংসদের প্রতি জোড় দেয়া হোক। ছাত্র রাজনীতির যদি সুফল থাকে সেটা দেশের সকল বিশ্ববিদ্যালয় যেমন ভোগ করে বুয়েটও সেরকমই ভোগ করুক। আর কুফল যা আছে তাও দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভোগ করা উচিত। কারন আমরা সবাই তো এই দেশেই বেড়ে উঠেছি। জন্ম থেকেই কেউ বুয়েটিয়ান হয়ে যাই নাই। গ্রাজুয়েশন শেষ করে তো আমরা সবাই এক সাথেই চাকরি ক্ষেত্রে প্রতিযোগিতা করছি। তাই শুধু বুয়েট না দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে সংস্কার করা জরুরি। সুফল পেলে সবাই পাবে আর কুফলও সবাই ভোগ করবে। যেহেতু আদালত রায় দিয়েছে যে বুয়েটে ছাত্র রাজনীতিতে বাধা নেই। সেহেতু আদালতকেই ঠিক করে দিতে হবে ছাত্র রাজনীতির সংজ্ঞা, ছাত্র রাজনীতির রুপরেখা কি হবে, কি করা যাবে আর কি করা যাবে না।

তানভীর আহমেদ খান
শিক্ষার্থী,কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

‘ছাত্ররাজনীতি ফিরিয়ে আনতে আগে দরকার সাধারণ শিক্ষার্থীদের ভীতি দূর করা’

দেশ স্বাধীনের পরেও ছাত্ররাজনী‌তির ই‌তিবাচক ও নে‌তিবাচক উভয় দিক রয়েছে। কিন্তু নে‌তিবাচক দিক‌টি অনেক বে‌শি।বিশ্ব‌বিদ‌্যালয়ের শিক্ষার প‌রিবেশের মান উন্নয়নে রাজনী‌তি একটা বড় প্রতিবন্ধকতা। ‌যেটা বাংলাদেশের ছাত্ররাজনী‌তির ই‌তিহাস থেকে সহজে অনুমেয়। কিন্তু এখানে একটা অপশ‌ক্তি উত্থানের উদ্বেগ থেকে যায়। যেটা সাধারণ শিক্ষার্থীদের নিজেদের স্বার্থে মোকাবেলা করতে হবে। বিশ্ব‌বিদ‌্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যক্রমকে সচল করতে হবে। ছাত্ররাজনীতির পাশাপা‌শি শিক্ষক রাজনী‌তিও এখানে প্রাস‌ঙ্গিক। বুয়েট শুধু আমাদে‌র জাতীয় সম্পদ নয় ‌বিশ্ব মানবজা‌তিরও সম্পদ। এ সম্পদকে আমাদের ব‌্যক্তিস্বা‌র্থের উর্ধ্বে রাখতে হবে। ছাত্রলীগ যতই নিয়মতা‌ন্ত্রিক রাজনী‌তির কথা বলুক না কেন সাধারণ ছাত্রদের তাতে আস্থা নেই। ছাত্রলীগ য‌দি বুয়েটে ছাত্ররাজনী‌তি ফি‌রিয়ে আনতে চায় আগে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ভী‌তি দূর করে আস্থা অর্জন করা উ‌চিত বলে মনে ক‌রি।

ইয়া‌ছিন আরাফাত
শিক্ষার্থী, আইন বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

‘আবরারের ঘটনায় বুয়েট ছাত্ররাজনীতিকে ভয় পায়’

দেখুন রাজনীতি সবসময় ভালো জিনিস।এরিস্টটল বলেছিলেন,মানুষ রাজনৈতিক জীব।এটা চরম সত্য কথা।আপনি চাইলেও রাজনীতি থেকে বের হতে পারবেন না, এমনকি আজকে জন্ম নেওয়া শিশুটাও রাজনীতির বাইরে না।কথা হচ্ছে বুয়েটের ছাত্ররাজনীতি নিয়ে।বুয়েটে কিছুদিন আগেও দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চালু ছিল।আবরার ফাহাদকে হত্যার পর এই দৃশ্যপট পুরোটাই ঘুরে যায়, যা আমাদের সকলেরই জানা।সম্প্রতি সময়ে বুয়েটে আবারও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।একদল চায় দলীয় ছাত্ররাজনীতি ফিরে আনতে আর অন্যদল চায় তা বন্ধ করতে।বিষয়টা নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে। এবং আদালত রায় দিয়েছে রাজনীতির পক্ষেই।যদিও বুয়েটের বেশির ভাগ ছাত্র এর বিপক্ষে।আদালত বলতে গেলে জনমতে বিপক্ষে গিয়েই সাংবিধানিক খাতিরে এই রায় দিয়েছে।এই মুহূর্তে একটা বড় সংকটের মুখে পড়বে বুয়েট প্রশাসন।একদিন সিংহভাগ ছাত্রের চাওয়া,অন্য দিকে আদলতের রায়।এখন দুই দিকের কথা মাথায় রেখে তাদের সিদ্ধান্ত নিতে হবে।সাধারণ শিক্ষার্থী বলতে গেলে তাদের সিদ্ধান্তে অনড়।তারা চায়না দলীয় রাজনীতি আবার ফিরে আসুক।আবারও আবরার ফাহাদ কাণ্ড ঘটুক।

আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় রাজনীতি মুক্ত থাকুক।মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময় ছাত্ররাজনীতি আমাদের দেশে তেমন কোন সুফল বয়ে আনেনি (৯০ দশকের এরশাদ বিরোধী আন্দলনের কথা বাদ দিলে) উল্টো অনেক অপরাধের জন্ম দিয়েছে।যেই সরকার ক্ষমতায় থাকে সে সরকারের পৃষ্ঠপোষক দল রাজনীতির নামে পুরো ক্যাম্পাসকেই নরক বানিয়ে রাখে।খুন,ধর্ষণ,চাঁদাবাজি,অবৈধ নিয়োগ বানিজ্য এমন হেন অপরাধ নেই যা সংঘটিত হয়নি।এই জায়গা থেকে বুয়েট ছাত্ররা বেরিয়ে আসতে চায়।সরকারের উচিত তাদের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মেনে নেওয়া।দেশের অন্য সব বিশ্ববিদ্যালয়ে তো রাজনীতি চর্চা হয়।বুয়েট না হয় রাজনীতি মুক্ত থাকুক।সরকার এটা এক্সপেরিমেন্ট হিসাবে নিতে পারে যে রাজনীতিমুক্ত ক্যাম্পাস শিক্ষার জন্য বেশি উপযোগী নাকি রাজনীতিযুক্ত ক্যাম্পাস।

মোহাম্মদ বেলাল
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
বরিশাল বিশ্ববিদ্যালয়।

‘ছাত্ররাজনীতি হোক ছাত্রদের কল্যাণে’

বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা কমিশনের আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সর্বোপরি একাত্তরের স্বাধীনতা সংগ্রামে ছাত্রদের এবং ছাত্ররাজনীতির অবদান বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে। এবং এই অর্জন আমাদের দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে এবং থাকবে। শুধু তাই নয়, ৮০'র দশকের রাজনীতিবিদদের অবদান জাতি আজ ভোগ করছে। তবে পরিতাপের বিষয় হলো বর্তমানে যেসব রাজনৈতিক ব্যক্তি দেশের হাল ধরেছেন তারা অধিকাংশই সত্তোরোর্ধ্ব। ছাত্রসংসদ ভিত্তিক ছাত্ররাজনীতি না থাকায় দলীয় লেজুড়বৃত্তিতে জড়িত ছাত্রনেতারা জাতীয় রাজনীতিতে অবদান রাখতে পারছেনা। প্রকৃত জনপ্রিয়, মেধাবী, যোগ্য ছাত্রনেতৃত্ব উঠে আসলে রাজনীতিতে শূন্যতা বিরাজ করবেনা।তখন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে তারা।দেশের জন্য কাজ করবে। রাজনীতি চলে যাবেনা অবসরপ্রাপ্ত আমলা, ব্যবসায়ী বা অরাজনৈতিক ব্যক্তিদের হাতে। তাই ছাত্ররাজনীতি বন্ধ না করে ছাত্রসংসদভিত্তিক ছাত্ররাজনীতি চালু হোক দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে দেশের কল্যাণে কাজ করে।

রিয়া মোদক
শিক্ষার্থী, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

‘সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও জবাবদিহিতা থাকলে রাজনীতি চালু করা যেতে পারে’

বাংলাদেশের রাজনীতিতে ছাত্ররাজনীতি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও  স্বাধীনতা  পরবর্তী  বিভিন্ন  আন্দোলনে  ছাত্র  সংগঠন  গুরুত্বপূর্ণ  ভূমিকা  পালন  করেছে।  কিন্তু  সাম্প্রতিক  সময়ে  ছাত্ররাজনীতি  বিশেষ করে  বাংলাদেশের  বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ বেপরোয়া হওয়া, বিভিন্ন নেতিবাচক কর্মকান্ড বিতর্কের  কেন্দ্রবিন্দুতে  পরিণত  হয়েছে।বুয়েট  ছাত্র  আবরার ফাহাদ  হত্যাকাণ্ডের  পর  বুয়েটে  ছাত্রলীগের  অব্যাহতি  নিয়ে  ব্যাপক  বিতর্ক  সৃষ্টি  হওয়ায় একসময় বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।এখন  সাধারণ  শিক্ষার্থী  ও  অভিভাবকরা  মনে  করছেন  এধরনের  অনিয়ন্ত্রিত  ও  বেপরোয়া  সংগঠনের  কার্যক্রম  শিক্ষার  সুষ্ঠু  পরিবেশের  জন্য  ক্ষতিকর।বুয়েটে  ছাত্ররাজনীতি  চালু  রাখা  হবে  কি  না  তা  এখন  একটি  জটিল  প্রশ্ন।  যদি  সুষ্ঠু  রাজনীতির  চর্চা,  জবাবদিহিতা,  পর্যবেক্ষণমূলক  পরিবেশ  তৈরি  করা  সম্ভব  হয়  তবে  ভবিষ্যতে  আবারও  ছাত্ররাজনীতি  চালু  করা  যেতে  পারে।  অন্যথায়,  বুয়েটে  শিক্ষার  সুষ্ঠু  পরিবেশ  বজায়  রাখার  জন্য  ছাত্ররাজনীতি  বন্ধ  রাখাই  ভালো।বুয়েটে  ছাত্ররাজনীতির  ভবিষ্যৎ  অনিশ্চিত।  শিক্ষার্থী,  অভিভাবক  ও  বিশ্ববিদ্যালয়  প্রশাসনের  মধ্যে  খোলামেলা  আলোচনার  মাধ্যমে  এই  জটিল  সমস্যার  সমাধান  খুঁজে  বের  করা  প্রয়োজন।

ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ,  সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে ছাত্রদের ভূমিকা রয়েছে যা ছাত্ররাজনীতির ইতিবাচক দিক।আবার ছাত্ররাজনীতির নেতিবাচক কিছু দিক ও আছে যেমনঃ বর্তমানে ছাত্রলীগের  অনিয়ন্ত্রিত  কর্মকাণ্ড,  অভ্যন্তরীণ  কোন্দল,  হিংস্রতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।যদিও এখন উচ্চআদালত বুয়েটে ছাত্ররাজনীতি করার পক্ষে রায় পেশ করেছেন।তবে আমি মনে করি বুয়েটের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বন্ধ থাকাই শ্রেয় যদিনা কঠোর জবাবদিহিতা না থাকে।

মোঃফরিদ হাসান
শিক্ষার্থী, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

‘রাজনীতি হোক সুষ্ঠু পরিবেশ ও সহাবস্থানের জায়গা’

রাজনীতি মানুষের জীবন নির্ধারণ করে সেক্ষেত্রে মানুষ হিসেবে আমাকেই নিশ্চিত করতে হবে, ঠিক কোন রাজনীতি আমার প্রভাবক/নিয়ন্ত্রক হবে। বর্তমান প্রেক্ষিতে সরকার দলীয়তে অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য দায়ী করা যেতেই পারে ছাত্ররাজনীতি।স্বাধীনতা যুদ্ধের আগের যে ছাত্ররাজনীতি সেটা যদি চর্চা হয় তাহলে রাজনীতি ভালো।আর যদি সেটা অপব্যবহারের হাতিয়ার তৈরি করতে চায়,তাহলে সেটা খারাপ।বিশ্ববিদ্যালয়ে পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে লিপ্ত থাকবে এটা স্বাভাবিক।রাজনৈতিক চর্চা হবে সেটাও স্বাভাবাকি।অস্বাভাবিক শুধু ক্যাম্পাসকে অস্থিতিশীল তৈরি করলে যদি সেটা সরকারের সাথে ছাত্ররাজনীতি লেজুড়বৃত্তি করে।ক্ষমতাসীনদের অবশ্যই ছাত্ররাজনীতি করার স্বাধীনতা দিয়ে থাকে কিন্তু তাদের কঠোর জবাবদিহির আওতায় আনা দরকার।এখন সব জায়গায় দলীয় রাজনীতি করে মারমার কাটকাট হয়।সেটা যে সরকারই আসুক,তাদের আমলে কমবেশি হয়ে থাকে।এসবের বাইরে থেকে যদি মুক্তিযুদ্ধের সময়ের আমলে যে ছাত্ররাজনীতি মানুষের কল্যাণে কাজ করেছে তেমনভাবে নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে রাজনীতি করা যেতে পারে। কোন শিক্ষাপ্রতিষ্ঠানে গুন্ডাতন্ত্র দুর্বৃত্ততার রাজনীতির মোড়কে থাকবে কি-না তা সে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই নিশ্চিত করবেন। বুয়েটে শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকারের বহিঃপ্রকাশ হিসেবে জানিয়েছেন তারা রাজনীতি(অপ) মুক্ত ক্যাম্পাস কামনা করেন। সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের প্রতি সংহতি জানাই। তাদের এই সিদ্ধান্ত গণতান্ত্রিক অধিকারের সিদ্ধান্ত।আবার রাজনীতি করাও শিক্ষার্থীদের অধিকার,নাগরিকের অধিকার। সুতরাং রাজনৈতিক পরাজয়কে বরণ করে নিয়েই সাধারণের মতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাঠামোগত সুস্থ প্রগতিশীল রাজনীতির ধারা এবং তার মানোন্নয়ন নিয়ে কাজ করা সময়ের দাবী।

ইভা আক্তার 
শিক্ষার্থী, ফার্মেসী বিভাগ 
গণ বিশ্ববিদ্যালয়।

‘শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি সংস্করণ অত্যাবশ্যক’

যেকোনো নেতৃত্ব চর্চার জন্য ছাত্রজীবন অবশ্যই গুরুত্বপূর্ণ। সেইদিক থেকে ছাত্ররাজনীতি অবশ্যই চর্চা করার মতোন একটি সংস্কৃতি। তবে, সেই রাজনীতি যখন শুধুমাত্র ক্ষমতা প্রদর্শন, ক্ষমতার অপব্যবহার করে অন্যের স্বাধীনতা হরণের প্রধান উপায় হিসেবে ব্যবহৃত হয়, তখন অবশ্যই ভাবতে হবে। যেই রাজনীতি সেখাবে মতের অমিল সত্ত্বেও পরস্পর সহাবস্থান, সহনশীলতা চর্চা, সেখানে বর্তমানে এই রাজনীতি শুধুই ব্যবহৃত হয় নিজস্ব স্বার্থ চরিতার্থে।আবরার ফাহাদ হত্যাকাণ্ড হতে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  দ্বন্দ্ব সংঘাতের যেই রূপ, তা বারবার ছাত্ররাজনীতি বন্ধের দাবি জানায়। আমি ব্যক্তিগতভাবে সমর্থন করছি না বুয়েটে ছাত্ররাজনীতি পুনরায় প্রতিষ্ঠা করার। আবরার ফাহাদ ঘটনার মূল অপশক্তি ছিলো এই রাজনৈতিক ক্ষমতা। এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও রাজনৈতিক রীতি নীতির সংস্করণ অত্যাবশ্যক।

সুমি আক্তার
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত