• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রাবির অধীনে আসছে রাজশাহী শহরের ৪ সরকারি কলেজ

সৈয়দ সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৭:৪৩, ৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
রাবির অধীনে আসছে রাজশাহী শহরের ৪ সরকারি কলেজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধীনে আসতে যাচ্ছে রাজশাহী শহরের ৪টি সরকারি কলেজ। এ লক্ষ্যে কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজগুলো হলো: রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ এবং রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারি সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে ৯টি কলেজকে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার জন্য এ বিভাগ হতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চিঠিতে রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ এবং রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার কথা বলা হয়েছে।

চিঠির বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারি সচিব শতরুপা তালুকদার জানান, "প্রাথমিকভাবে আমরা ৯টি কলেজকে অধিভুক্ত করার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কাছে মতামত চেয়েছি। সরকারের পরিকল্পনা রয়েছে জেলা শহরের সীমিত সংখ্যক আরো কয়েকটি কলেজকে অধিভুক্ত করা হবে।"

চিঠিতে আরো উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর অনুশাসন যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ যেমন: বিদ্যমান বিধি-বিধান সংশোধন (প্রয়োজনীয় ক্ষেত্রে) ও অপরাপর করণীয় বিষয় সম্পর্কে একটি প্রতিবেদন আগামী ৩০ এপ্রিল তারিখের মধ্যে এ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, "সরকার মনে করেছে, তাই কলেজগুলো বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে এসেছেন। প্রাথমিক পর্যায়ে কলেজের পরীক্ষা, ফলাফল এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয় দেখবে। তবে প্রশাসনিক কার্যক্রমগুলো কলেজ প্রশাসনের হাতেই থাকবে। ভর্তি করানোর বিষয়টি হয়তো বিশ্ববিদ্যালয় দেখবে; তবে সে বিষয়ে বিস্তারিত আমরা পাইনি। বিস্তারিত পেলে আপনাদেরকে জানাতে পারবো।"

এর আগে কলেজ অধিভুক্তি প্রসঙ্গে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার গণমাধ্যমকে জানিয়েছিলেন, "কলেজগুলো অধিভুক্ত হলে খুব একটা সমস্যা হবে না। কারণ অনেক আগে এমন ব্যবস্থা ছিল। অর্থাৎ রাজশাহী অঞ্চলের কলেজগুলোকে দেখভাল করত রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরপর এই দেখভালের দায়িত্ব ১৯৯২ খ্রিষ্টাব্দে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেয়া হয়। এখন আবার সরকার মনে করছে উচ্চশিক্ষার মানন্নোয়নে রাজশাহী জেলার কলেজগুলোকে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখভাল করবে। সরকারের অভিপ্রায় অনুযায়ীই আমরা কাজ করব এবং এতে অবশ্যই উচ্চশিক্ষার মান উন্নত হবে।"

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত