• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রথম থেকে পঞ্চম শ্রেণির ভর্তিতে আসছে নতুন পদ্ধতি, প্রস্তাব মাউশির

প্রকাশিত: ১০:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১০:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রথম থেকে পঞ্চম শ্রেণির ভর্তিতে আসছে নতুন পদ্ধতি, প্রস্তাব মাউশির

সরকারি-বেসরকারি সব স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতেও লটারি পদ্ধতি করার চিন্তা-ভাবনা করছে সরকার। আর ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষা হবে ১০০ নম্বরের। 

সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালা, ২০২৬-এর খসড়ায় এসব প্রস্তাব করা হয়েছে। খসড়াটি তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশি খসড়া নীতিমালাটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। তা চূড়ান্ত করবে মন্ত্রণালয়।

ভর্তি নীতিমালার খসড়া অনুযায়ী, ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। দুই ঘণ্টার এই পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে।

মাউশির এক কর্মকর্তা বলেন, প্রথমে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চার শ্রেণিতে ৫০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল। তবে শেষ মুহূর্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তা পরিবর্তন করা হয়েছে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, শিগগির ভর্তি নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর যাচাই-বাছাই শেষে তা চূড়ান্ত করবে মন্ত্রণালয়।

এর আগে গত ৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম চলবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।


 

বিভি/এসজি

মন্তব্য করুন: