ঢাকা কলেজে ‘মহুয়া সুন্দরী’ মঞ্চ নাটক মঞ্চস্থ
ঢাকা কলেজের বাংলা বিভাগের প্রযোজনায় ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘মহুয়া সুন্দরী’ মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টায় কলেজের শহীদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে নাটকটি মঞ্চস্থ হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ, বাংলা বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, ময়মনসিংহ গীতিকার বিখ্যাত ১০টি পালার মধ্যে অন্যতম ‘মহুয়ার পালা’। বাংলার লোকসাহিত্য ও গ্রামীণ জীবনের নানা দিক তুলে ধরতেই নাটকটি মঞ্চস্থ করা হয়েছে। নাটকটিতে গ্রামীণ মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতার পাশাপাশি গ্রামীণ ও শহুরে জীবনের পার্থক্যও ফুটিয়ে তোলা হয়েছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘আজ দর্শক গ্যালারি কানায় কানায় পূর্ণ। অর্থাৎ “মহুয়া সুন্দরী” দেখার জন্য সবাই উন্মুখ হয়ে আছেন। ময়মনসিংহ গীতিকার “মহুয়ার পালা” অন্যতম। বাংলা সাহিত্যের বিশাল অংশজুড়ে এর অবদান রয়েছে। আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীদের আনন্দদানের ক্ষেত্রে “মহুয়া সুন্দরী” যথেষ্ট ভূমিকা রাখবে। আমরা ভবিষ্যতে এ ধরনের আরও নাটক দেখতে চাই।’
আয়োজকরা বলেন, ভবিষ্যতেও এ ধরনের আরও নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে নাটকটি শিল্পকলা একাডেমিতেও মঞ্চস্থ করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: