যোগ্য প্রার্থীর অভাবেই কলেজে আসন শূন্য: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ভর্তি হওয়ার জন্য যে নির্দেশিকা দেওয়া হয়েছে, সে অনুযায়ী শিক্ষার্থীরা আবেদন করেছে। তবে প্রথম ধাপে আবেদনকারীদের ভর্তি সম্পন্ন হওয়ার পরও অনেক কলেজে আসন খালি রয়েছে। এর প্রধান কারণ হলো নির্ধারিত আসনসংখ্যার তুলনায় যোগ্য প্রার্থী না থাকা। এ কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে ২০২৭ সালের কারিকুলামে চতুর্থ শ্রেণির পাঠ্যবইয়ে ‘স্পোর্টস অ্যান্ড কালচার’ বিষয়টি যুক্ত করা হয়েছে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ে আনন্দময় শিক্ষা, স্পোর্টস ও কারিগরি শিক্ষাসহ চারটি নতুন বই যুক্ত করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৮ সালে এ শিক্ষাব্যবস্থা আরও সুসংগঠিত ও সমৃদ্ধ করা হবে। নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণীর সংস্কৃতি ও ঐতিহ্য নিয়েও কাজ করা হচ্ছে।
জাতীয় পর্যায়ের এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে আয়োজকরা জানান, এর মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় এবারের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিভি/এসজি













মন্তব্য করুন: