আল্টিমেটামের পরও ভিসি ভবন ছাড়েননি চুয়েট উপাচার্য, প্রধান ফটকে তালা
ছবি: সংগৃহীত
দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দেওয়ার পরও চুয়েট উপাচার্য ভিসি ভবন ত্যাগ না করায় ভিসি ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে চুয়েট শিক্ষার্থীরা। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ওই ভবনের বিদ্যুৎ, পানিসহ সকল সংযোগ।
এর আগে, সোমবার (১২ অক্টোবর) সকাল আটটার পর ছাত্রদল নেতাদের সাথে নিয়ে নিজ দপ্তরে প্রবেশ করেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। এরপরই দুপুর ১২টা পর্যন্ত ভিসির দপ্তর ছেড়ে যাওয়ার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে সসম্মানে নতুন উপাচার্য ভিসি ভবন ত্যাগ না করলে ভিসি ভবনের প্রধান ফটকে তালা দেওয়ার পাশাপাশি পানি-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুশিঁয়ারি দিয়ে রেখেছিলেন চুয়েট শিক্ষার্থীরা। এদিকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন চুয়েট ভিসি অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে এবং সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন চুয়েট শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই দাবীর প্রতি সংহতি জানিয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও একই দাবিতে ওই দিন থেকে কর্মবিরতি পালন করে আসছেন। যার ফলে গত ২১ দিন ধরে বন্ধ রয়েছে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। হয়নি কোনও ক্লাস ও পরীক্ষা।
বিভি/এসজি













মন্তব্য করুন: