জবির দ্বিতীয় সমাবর্তনের লোগো উন্মোচন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে সমাবর্তনের লোগো উন্মোচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এ লোগো উন্মোচন করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপাচার্যের সভাকক্ষে দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে গঠিত নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির সভায় এ লোগো উন্মোচন করা হয়। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, সমাবর্তনের সার্বিক প্রস্তুতি ও আয়োজন সফল করতে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এটি সবার অনুষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, সমাবর্তনকে সুশৃঙ্খল, সুন্দর ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের পাশাপাশি জাতীয় পর্যায়ে ইতিবাচকভাবে তুলে ধরতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপাচার্য আরও বলেন, জাতীয় বৃহত্তর স্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে গঠনমূলক কাজে এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও বিকাশে প্রত্যেক সদস্যের দায়িত্ব রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আয়োজনকে নিজেদের অনুষ্ঠান মনে করে সফল করার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় দ্বিতীয় সমাবর্তনের লোগোর নকশা, ভাবনা ও নান্দনিক বিভিন্ন দিক তুলে ধরেন লোগো ডিজাইনের দায়িত্বপ্রাপ্ত চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান। লোগোটি তৈরিতে তার সঙ্গে কাজ করেছেন প্রিন্টমেকিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাসেল রানা এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যান ইমাম হোসেন।
এ সময় উপস্থিত বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকরা লোগোর নকশা, নান্দনিকতা এবং উপস্থাপনা নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ দেন।
সভাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন। এতে নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিভি/আরএইচ/এজেড













মন্তব্য করুন: