২১ বছরেও কাটেনি খালেদা জিয়ার প্রতিষ্ঠিত ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের সংকট
ফেনী কম্পিউটার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ফেনী কম্পিউটার ইনস্টিটিউট। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে গড়ে ওঠা দেশের একমাত্র আইসিটিনির্ভর বিশেষায়িত সরকারি এই শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে ছিল বড় স্বপ্ন। তবে প্রতিষ্ঠার দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি। শিক্ষক-কর্মচারীর সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, আবাসন ও সুপেয় পানির অভাবসহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
প্রতিষ্ঠানটির ৬৩টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৮ জন। শূন্য রয়েছে ৪৫টি পদ। অন্যদিকে কর্মকর্তা-কর্মচারীর ৯৯টি পদের মধ্যে ৭৪টিই খালি। ফলে প্রয়োজনীয় জনবল ছাড়াই চলছে প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।
২০০৫ সালে ডেটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের মাধ্যমে পাঠদান শুরু হয়। বর্তমানে তিনটি বিষয়ে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন। প্রতিবছর ভর্তি হন প্রায় ৩০০ শিক্ষার্থী। একসময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে এলেও নানা সংকটে প্রতিষ্ঠানটির সেই আকর্ষণ কমেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, গভীর নলকূপ না থাকায় সুপেয় পানির সংকট রয়েছে। খেলার মাঠ না থাকায় খেলাধুলার সুযোগও সীমিত। ১ হাজার ২০০ শিক্ষার্থীর বিপরীতে আবাসিক সুবিধা রয়েছে মাত্র ১৩০ জনের। ফলে অনেককে আশপাশের মেস কিংবা অন্যের বাড়িতে থেকে পড়াশোনা করতে হচ্ছে। প্রতিষ্ঠানের সামনে যাত্রীছাউনি না থাকায় রোদ-বৃষ্টিতে গণপরিবহনের অপেক্ষায়ও দুর্ভোগ পোহাতে হয় তাদের।
এ ছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ডেটা, টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজিতে ভর্তি বন্ধ রয়েছে। ২০১৯ সালে একটি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর সংযুক্ত ১৫ জন শিক্ষকের বেতন-ভাতাও ২০২০ সালের জুন থেকে বন্ধ। তাদের মধ্যে দুজন প্রতিষ্ঠান ছেড়ে গেলেও ১৩ জন এখনো কাজ করছেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা বলেন, সীমিত অবকাঠামো ও অপ্রতুল জনবল নিয়ে কোনোরকমে কার্যক্রম চালানো হচ্ছে। প্রয়োজনীয় সমস্যাগুলোর সমাধান করা গেলে এখানকার শিক্ষার্থীরা দেশ-বিদেশের প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
সংশ্লিষ্টদের মতে, দ্রুত শিক্ষক-কর্মচারী নিয়োগ, অবকাঠামো সম্প্রসারণ, আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানটি আবারও দেশের অন্যতম আধুনিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে।
বিভি/এজেড













মন্তব্য করুন: