• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে শিবির-ছাত্রদল হাতাহাতি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৫:৪৯, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে শিবির-ছাত্রদল হাতাহাতি

ভিডিও থেকে সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্যাপনের অনুষ্ঠানস্থলে হাতাহাতিতে জড়িয়েছে শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় দুই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা দুই পক্ষকে  বুঝিয়ে শান্ত করেন। 

বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হীরকজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনন্দমিছিল নিয়ে অনুষ্ঠানের মাঠে প্রবেশ করেন শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় তাদের মুখোমুখি হন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল বডির সদস্যদের দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে তাদের সরিয়ে দেন। 

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। সিনিয়ররা এসেছেন। আমরা আনন্দ করব। এ উৎসব নষ্ট করার জন্য মিছিল নিয়ে আসবে, তা প্রত্যাশা করিনি। তারা মিছিল নিয়ে এসে ধাক্কাধাক্কি ও আঘাত করেছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, তেমন কিছু হয়নি। কেন্দ্রীয় খেলার মাঠে শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি আনন্দ মিছিল প্রবেশ করছিল। সে সময় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কিছু কথা হয়। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কেউ আহত হননি। আমরা মাঝখানে মধ্যস্থতা করার পরপরই দুই পক্ষ নিজেদের মতো চলে গেছে।

বিভি/এসপি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত