• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

জবিতে ছাত্রীদের কমনরুম সংকট, ওয়াশরুম ও চিকিৎসাসেবায় ভোগান্তি

রিফাত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৬:২৬, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জবিতে ছাত্রীদের কমনরুম সংকট, ওয়াশরুম ও চিকিৎসাসেবায় ভোগান্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৮ হাজার ৪৭৯ জন ছাত্রীর জন্য কমনরুম রয়েছে মাত্র দুটি। শিক্ষার্থীর তুলনায় কক্ষ দুটি ছোট হওয়ায় সেখানে বসার জায়গা পাওয়া কঠিন। এর সঙ্গে রয়েছে অপরিচ্ছন্ন ও ব্যবহারের অনুপযোগী ওয়াশরুম, নষ্ট স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা না থাকা। ফলে ক্লাসের বিরতিতে বিশ্রাম নেওয়া থেকে শুরু করে জরুরি প্রয়োজন মেটানো—সব ক্ষেত্রেই ভোগান্তিতে পড়ছেন ছাত্রীরা।

গত বছর জকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত নিয়মিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী, ক্যাম্পাসে ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৪৭৯। শিক্ষার্থীকল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে, এসব শিক্ষার্থীর জন্য শহীদ সাজিদ ভবন ও বিজ্ঞান অনুষদ ভবনে একটি করে মোট দুটি কমনরুম রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশেষ করে সকালে ক্লাস চলাকালে কমনরুম দুটিতে বসার জায়গা পাওয়া যায় না। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হুসনে আরা বলেন, জায়গা কম থাকায় গাদাগাদি করে বসতে হয়। টয়লেটগুলো অপরিচ্ছন্ন ও ব্যবহারের অনুপযোগী। কোনো ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেই।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তামান্না ফেরদৌসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কমনরুমে প্রচুর ভিড় থাকে, বসার পর্যাপ্ত জায়গা নেই। একবারই গিয়েছিলাম, সেখানকার পরিবেশ এতটাই অপরিষ্কার ও শোচনীয় যে আর যেতে ইচ্ছে করে না। ওয়াশরুমগুলো যেন পাবলিক টয়লেটের মতো জঘন্য।’

শহীদ সাজিদ ভবনের কমনরুম
১৩ তলাবিশিষ্ট শহীদ সাজিদ ভবনের নিচতলায় কমনরুমটি অবস্থিত। ভবনের ওপরের তলাগুলোতে ক্লাস করা ছাত্রীদের অল্প সময়ের বিরতিতে নিচে নেমে আসা বেশ কষ্টকর। কক্ষটিতে দুটি টেবিল ও প্রায় ৮০টি চেয়ার রয়েছে। তবে পাশের বারান্দায় জমে থাকা ময়লা এবং স্যানিটারি ট্যাংকের দুর্গন্ধে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। পাশের সাতটি ওয়াশরুমের মধ্যে দুটির নির্মাণকাজ এখনো অসম্পূর্ণ। বাকি পাঁচটির অবস্থাও নাজুক।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাদিয়া হক জানান, নিচতলায় অবস্থান এবং পর্যাপ্ত সুবিধা না থাকায় অনেক শিক্ষার্থী প্রয়োজন থাকা সত্ত্বেও কমনরুমে যেতে পারেন না। এ বিষয়ে পরিচ্ছন্নতাকর্মী লেশমি দাস বলেন, পুরোনো টাইলসে স্থায়ী দাগ পড়ে যাওয়ায় এবং অতিরিক্ত শিক্ষার্থী ব্যবহার করায় নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

বিজ্ঞান অনুষদ ভবনের কমনরুম
সরেজমিনে দেখা যায়, বিজ্ঞান অনুষদ ভবনের কমনরুমের পর্দাগুলো পুরোনো ও ময়লাযুক্ত। প্রায় ৫০টি চেয়ারের মধ্যে বেশ কয়েকটি ভাঙা। এসব চেয়ার ব্যবহার করতে গিয়ে প্রায়ই শিক্ষার্থীদের পোশাক ছিঁড়ে যায়। পাশের দুটি ওয়াশরুমও ব্যবহারের অনুপযোগী বলে জানান মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজা আক্তার।

বিজ্ঞান অনুষদের সার্বিক অব্যবস্থাপনার কথা তুলে ধরে গণিত বিভাগের শিক্ষার্থী লাবনী আক্তার শিমলা বলেন, ‘পুরো বিজ্ঞান অনুষদের ছাত্রীদের জন্য ওয়াশরুম মাত্র দুটি, পরীক্ষার সময় সেখানে ভয়াবহ অবস্থা তৈরি হয়। হ্যান্ডওয়াশ থাকে না, থাকলেও তাতে পানি মেশানো থাকে। স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিনটিও নষ্ট। ফলে মেশিনে যে ন্যাপকিন ১০ টাকায় পাওয়া যেত, তা দায়িত্বরত কর্মীর কাছ থেকে ২০ টাকায় কিনতে হচ্ছে। এছাড়া কমনরুমে রাখা শুকনো খাবারের দামও ২ টাকা বেশি রাখা হয় এবং জরুরি প্রয়োজনে সাধারণ কোনো ওষুধও (যেমন প্যারাসিটামল) পাওয়া যায় না।’

তবে শহীদ সাজিদ ভবনের (বিবিএ ভবন) কমনরুমে তুলনামূলক বেশি জায়গা থাকলেও সেখানে ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও প্রাথমিক চিকিৎসার ওষুধের ব্যবস্থা নেই বলে জানান তিনি।

অন্যান্য ভবন ও বিভাগেও সংকট
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও ভাষাশহীদ রফিক ভবনে ছাত্রীদের জন্য কোনো কমনরুম নেই। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের মধ্যে কেবল সমাজকর্ম বিভাগে ছাত্রীদের জন্য আলাদা বসার ব্যবস্থা রয়েছে। তবে বিভাগের বারান্দার একটি অংশে তৈরি ওই জায়গায় পাঁচ-ছয়জনের বেশি বসতে পারেন না।

বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, নিজস্ব অর্থায়নে বসার জায়গাটি তৈরি করা হলেও রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসনের কাছে জনবল ও সরঞ্জাম চেয়ে পর্যাপ্ত সহায়তা পাওয়া যায়নি।

নেই ছাত্রদের কমনরুম ও
ছাত্রীদের জন্য দুটি কমনরুম থাকলেও ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো সাধারণ কক্ষ নেই। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন আকাশ বলেন, দূর থেকে আসা ছাত্রদের বিশ্রাম নেওয়া ও পোশাক পরিবর্তনের জন্য অন্তত একটি কমনরুম প্রয়োজন।

ব্রেস্টফিডিং কর্নারও নেই
এদিকে বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত ব্রেস্টফিডিং কর্নার না থাকায় মা শিক্ষার্থীদের কমনরুমের এক পাশে নামাজের জন্য নির্ধারিত জায়গায় প্রয়োজন মেটাতে হয়। অন্যদিকে জনবল ও জায়গার সংকটে ধুঁকছে বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টার। দুই বছরের কম বয়সী শিশু রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবং প্রচারণার অভাবে ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে সেখানে শিশুদের উপস্থিতি কমেছে। অযত্নের আশঙ্কায় অনেক শিক্ষার্থী সন্তান কোলে নিয়েই ক্লাস করেন।

প্রশাসনের বক্তব্য
সার্বিক বিষয়ে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মাহাতি হাসান জুয়েল বলেন, পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী না থাকায় নিয়মিত তদারকি করা কঠিন হচ্ছে। তবে অস্থায়ী কর্মী নিয়োগের ব্যবস্থা করার চেষ্টা চলছে। ওয়াশরুম মেরামতের বিষয়টি বাজেটের ওপর নির্ভরশীল হওয়ায় জরুরি তহবিল চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ক্যাম্পাসে জায়গার তীব্র সংকট থাকায় নতুন কমনরুম স্থাপনের তাৎক্ষণিক সুযোগ নেই।

উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীকল্যাণ ও প্রকৌশল দপ্তরের লিখিত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি বিবেচনা করা হবে। ব্রেস্টফিডিং কর্নার ও ডে-কেয়ার সেন্টার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নতুন কক্ষ নির্মাণ বা বাজেট বরাদ্দ দেওয়া কঠিন হলেও সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।

শিক্ষার্থীদের দাবি, ছাত্রীসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যাম্পাসে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য বিদ্যমান কমনরুমগুলোর দ্রুত সংস্কার, নষ্ট ভেন্ডিং মেশিন সচল করা এবং নতুন কমনরুম স্থাপন জরুরি।

বিভি/এজেড

মন্তব্য করুন: