• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা নাগরিকের দায়িত্ব: জবি উপাচার্য

রিফাত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৬:৩৯, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৩৯, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা নাগরিকের দায়িত্ব: জবি উপাচার্য

দেশের সুখ-সমৃদ্ধি ও উন্নতি প্রত্যাশা করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, ‘যিনি দেশের নেতৃত্ব প্রদান করছেন, যিনি নতুন একটি বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখাচ্ছেন, তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা আমাদের দেশের স্বার্থে প্রত্যেক নাগরিকের দায়িত্ব।’

নিজের রাজনৈতিক পরিচয় ও উপাচার্য হিসেবে নিয়োগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসেছে বিধায় তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। এটা লুকানোর কিছু নেই। আমার একটি পরিচয় আছে—আওয়ামী লীগের সেই জুলুম আমি সহ্য করেছি।’

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘১৫-১৬ বছর আমাদের বাক্‌স্বাধীনতা ও গণতান্ত্রিক স্বাধীনতা ছিল না। ছাত্র-জনতা তা প্রতিরোধ করেছে এবং আমাদের মুক্তি দিয়েছে।’

দেশে যেন কোনো ধরনের ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘যারা সুনাগরিক, আপনাদের সকলের রুখে দাঁড়ানো উচিত এবং প্রতিবাদ করা উচিত।’

বিভি/এআই

মন্তব্য করুন: