৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে র্যালি
৪৮ পাউন্ডের কেক কেটে ইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
৪৮ পাউন্ডের কেক কাটা, ৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ এবং হল থেকে পৃথক পৃথক র্যালি বের হয়ে কেন্দ্রীয় ফুটবল মাঠে এসে সমবেত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপ উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন।
এদিকে আলোচনা সভা শেষে উপাচার্য, উপ উপাচার্য, ট্রেজারার এবং রেজিস্ট্রার এর নেতৃত্বে পুনরায় র্যালি বের করা হয়। এতে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে মিলিত হয়। সেখানে শহিদ জিয়াউর রহমান কতৃক স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া শাখা ছাত্রদল, জিয়া পরিষদ, ইউট্যাবের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এসে সমবেত হয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও কর্মকর্তারা। পরে সেখানে ৪৮ পাউন্ডের একটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ৪৭ তম বছর সম্পন্ন করে ইবি আজ ৪৮-এ পদার্পণ করেছে। আজকের এই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করছি। তিনি যে উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি। এটি হোক আমাদের আগামী বছরের জন্য প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীসহ ইবি পরিবারের সকল সদস্যকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
বিভি/এআই













মন্তব্য করুন: