• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

দুই দশকে বিদেশি শিক্ষার্থী মাত্র ৬, আন্তর্জাতিক অঙ্গনে পিছিয়ে জবি

রিফাত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২২:৩৪, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দুই দশকে বিদেশি শিক্ষার্থী মাত্র ৬, আন্তর্জাতিক অঙ্গনে পিছিয়ে জবি

প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বর্তমানে সাতটি অনুষদ, ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে প্রায় ১৮ হাজার দেশি শিক্ষার্থী অধ্যয়ন করলেও বিদেশি শিক্ষার্থী আকর্ষণে বিশ্ববিদ্যালয়টির সাফল্য নগণ্য। প্রতিষ্ঠার পর থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল পর্যায় মিলিয়ে মাত্র ছয়জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে জবির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কোনো বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত নেই। সর্বশেষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য নেপালের একজন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তবে তার ভর্তি প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে এমফিল সম্পন্ন করেছেন মাত্র দুজন বিদেশি শিক্ষার্থী। তাদের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষে আইন বিভাগ থেকে ভারতের শিব শংকর ব্যানার্জি এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ফার্মেসি বিভাগ থেকে নাইজেরিয়ার ছাম্মেত সানি এমির ডিগ্রি অর্জন করেন।

অন্যদিকে, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এ পর্যন্ত চারজন বিদেশি শিক্ষার্থী ভর্তি হলেও তাদের ডিগ্রি সম্পন্ন করার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ২০২০-২১ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে ভর্তি হওয়া চীনের দুই শিক্ষার্থী লিন জিপু ও ম্যা ডিউ জিয়া পড়াশোনা শেষ না করেই নিজ দেশে ফিরে যান।

এর আগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে গণিত বিভাগে ইয়ো রুকজিয়া এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে কুইন উইজিয়াও ভর্তি হয়েছিলেন। তবে তারা ডিগ্রি সম্পন্ন করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চীনের দুই শিক্ষার্থীর মাঝপথে দেশে ফিরে যাওয়ার বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তানিয়া তাহমিনা জানান, তাদের ক্লাস ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছিল। তিনি নিজেও ওই শিক্ষার্থীদের একটি কোর্স পড়িয়েছেন। তবে সে সময় বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্বে না থাকায় তাদের ফিরে যাওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি।

সংশ্লিষ্টদের মতে, প্রতি বছর স্নাতক প্রথম বর্ষে প্রায় দুই হাজার ৮০০ শিক্ষার্থী ভর্তি হলেও বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জবির অবস্থান হতাশাজনক। পর্যাপ্ত আবাসন ও আর্থিক সুবিধার অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা, ভাষাগত প্রতিবন্ধকতা, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রচারণার ঘাটতিকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন তারা।

বিদেশি শিক্ষার্থী ভর্তি এবং আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নের লক্ষ্যে উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হলেও নিয়মিত সভা না হওয়ায় কার্যক্রমে স্থবিরতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই কমিটির সদস্য ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন খান মনে করেন, বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে প্রথমেই তাদের নিরাপত্তা ও উপযুক্ত আবাসন নিশ্চিত করা প্রয়োজন।

নতুন নির্মাণাধীন আবাসিক হলগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা ব্লক বরাদ্দের পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। কিন্তু জবি কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ ও আন্তর্জাতিক প্রচারণার অভাবে বিদেশি শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার সুযোগই পাচ্ছেন না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জানান, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আপাতত বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর কোনো পরিকল্পনা নেই। তবে প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিভিন্ন দেশের দূতাবাসে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বার্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: