• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

শুধু ছাত্রীরা নয়, ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির যেসব ছাত্ররাও পাবে উপবৃত্তি

প্রকাশিত: ১৩:৩৪, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:২৯, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শুধু ছাত্রীরা নয়, ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির যেসব ছাত্ররাও পাবে উপবৃত্তি

ছবি: সংগৃহীত

ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে পড়ুয়া সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে আগের নিয়মে উপবৃত্তি পাবে দরিদ্র ও মেধাবী ছাত্ররাও। এ সুবিধা পেতে যেসব ছাত্রী এখনো উপবৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাদের প্রয়োজনীয় ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খুলে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে গত বুধবার (১৮ নভেম্বর) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ট্রাস্টের স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণির ছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ছাত্রদের জন্যও থাকছে উপবৃত্তি
ছাত্রীদের পাশাপাশি দরিদ্র ও মেধাবী ছাত্রদের উপবৃত্তি কার্যক্রমও চালু থাকবে। এ ক্ষেত্রে আগের নিয়ম ও প্রক্রিয়াই অনুসরণ করা হবে।

শিক্ষার্থীদের হাতে সরাসরি সরকারি অর্থ পৌঁছে দিতে সরকার-টু-পারসন (জিটুপি) পদ্ধতিতে উপবৃত্তির টাকা পাঠানো হবে। এ জন্য শিক্ষার্থী বা তার অভিভাবকের নামে অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকা বাধ্যতামূলক।

কারা নতুন হিসাব খুলবেন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব ছাত্রীর তথ্য ইতিমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত হয়েছে কিংবা যারা নিয়মিত উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই।

তবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে পড়লেও যেসব ছাত্রী এখনো উপবৃত্তির আওতায় আসেনি, তাদের নিজেদের অথবা অভিভাবকের নামে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।

অভিভাবকের ব্যাংক হিসাবের নিয়ম
সাধারণভাবে শিক্ষার্থীর বাবা অথবা মা অভিভাবক হিসেবে বিবেচিত হবেন। তাদের যেকোনো একজনের নামে তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে অনলাইন হিসাব থাকলে সেটি ব্যবহার করেই আবেদন করা যাবে। নতুন হিসাব খোলার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

তবে বাবা-মা দুজনই জীবিত না থাকলে আপন ভাই-বোন, দাদা-দাদি কিংবা নানা-নানির মধ্যে একজনকে অভিভাবক করা যাবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। হিসাব খোলার সময় মনোনীত অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করতে হবে।

মোবাইল ব্যাংকিংয়ে টাকা পেতে যেসব শর্ত
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ পেতে শিক্ষার্থীর বাবা-মায়ের মধ্যে অন্তত একজন জীবিত থাকতে হবে। মনোনীত অভিভাবকের এনআইডি দিয়ে সিম নিবন্ধন করতে হবে এবং একই পরিচয়পত্র ব্যবহার করে তার নামে মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।

এ ছাড়া হিসাব খোলার পর কেওয়াইসি (KYC) ফরম পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। এনআইডি, সিম নিবন্ধন ও মোবাইল ব্যাংকিং হিসাবের তথ্যে কোনো অসংগতি থাকলে উপবৃত্তির টাকা পাঠানো সম্ভব হবে না।

অভিভাবক না থাকলে করণীয়
কোনো শিক্ষার্থীর বাবা-মা বা নির্ধারিত আত্মীয়দের কেউ অভিভাবক হিসেবে না থাকলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় কোনো ব্যক্তিকে অভিভাবক হিসেবে মনোনীত করতে পারবেন। এ জন্য প্রত্যয়নপত্র তৈরি করে এইচএসপি-এমআইএস সফটওয়্যারে আবেদনের তথ্য দেওয়ার সময় সেটি আপলোড করতে হবে।

এ ধরনের ক্ষেত্রে শিক্ষার্থীকে নিজের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীর নামে খোলা স্কুল ব্যাংকিং হিসাব সচল রাখতে হবে। তবে ১৮ বছর পূর্ণ হলে হিসাবটি সাময়িকভাবে স্থগিত হবে। পরে নিজস্ব এনআইডি সংগ্রহ করে হিসাবের তথ্য হালনাগাদ করতে হবে।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির নিয়ম
ব্যানবেইসের দেওয়া ইআইআইএন (EIIN) নম্বরধারী সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃত প্রতিষ্ঠানগুলো এ কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন পাঠাতে হবে। প্রয়োজনীয় আবেদন ফরম ও বিস্তারিত নির্দেশনা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে।

অন্যদিকে, এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার প্রবেশের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশন ব্যবহার করে নতুন পাসওয়ার্ড নির্ধারণ করতে হবে। এতে ইউজার আইডি সচল হবে।

উপবৃত্তি সংক্রান্ত কোনো সমস্যা বা জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে নির্ধারিত ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত