ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করতে ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করার কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। রবিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবন হচ্ছে, সেগুলোকে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদার সঙ্গে সংযুক্ত করা জরুরি। এজন্য বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে একটি কার্যকর ও টেকসই সেতুবন্ধন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যেই সরকার, একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সমন্বিত সহযোগিতার একটি জাতীয় কাঠামো প্রণয়নের প্রস্তাব করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতার সঙ্গে শ্রমবাজার এবং শিল্পখাতের চাহিদার বিদ্যমান ব্যবধান। বাংলাদেশের তরুণ জনশক্তির, বিশেষ করে টারশিয়ারি এডুকেটেড জনশক্তির একটি বড় অংশ প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ বেকারত্বের শিকার হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশন এ সমস্যাকে আরও প্রকট করে তুলবে। তাই উচ্চশিক্ষাকে কর্মসংস্থানমুখী, জ্ঞান ও দক্ষতাভিত্তিক ইকোসিস্টেমে গড়ে তুলতে হলে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর, প্রাতিষ্ঠানিক ও দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলা এখন সময়ের দাবি।
আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার সফল মডেলগুলো পর্যালোচনার জন্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডা, চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার উদ্যোগ ও কার্যক্রম নিয়ে পাঁচটি কেস স্টাডি পরিচালনা করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নে ২০২৪ সালের ‘কোড অব প্র্যাকটিস অন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কো-ক্রিয়েশন’, যুক্তরাষ্ট্রে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি কো-অপারেটিভ রিসার্চ সেন্টারস এবং আই-কর্স কর্মসূচি, কানাডায় মিট্যাকস অ্যাক্সিলারেটের মাধ্যমে শিল্প-অংশীদারত্বে প্রয়োগভিত্তিক গবেষণা ও শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, চীনে সরকার-সমর্থিত বিশ্ববিদ্যালয়-শিল্প প্রযুক্তি হস্তান্তর কেন্দ্র, জাপানে প্রযুক্তি লাইসেন্সিং ও গবেষণার বাণিজ্যিকীকরণ এবং দক্ষিণ কোরিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের লিংক ৩.০ কর্মসূচি উল্লেখযোগ্য উদাহরণ।
এসব উদ্যোগের মাধ্যমে শিল্পের চাহিদাভিত্তিক পাঠ্যক্রম, যৌথ গবেষণা, গবেষণাগার ও সুবিধা ভাগাভাগি, ইন্টার্নশিপ, প্রযুক্তি হস্তান্তর, স্টার্টআপ এবং গবেষণালব্ধ উদ্ভাবনের বাণিজ্যিক প্রয়োগকে উৎসাহিত করা হচ্ছে। আন্তর্জাতিক এসব অভিজ্ঞতা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সমন্বিত, প্রাতিষ্ঠানিক ও ফলাফলভিত্তিক একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিচ্ছে।
উচ্চশিক্ষা ও শিল্পখাতের মধ্যে বিদ্যমান দক্ষতার ব্যবধান নিরসন, স্নাতকদের কর্মসংস্থানের উপযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্পখাতের বাস্তব চাহিদার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে একটি সমন্বিত বাস্তবায়ন কাঠামো প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত জাতীয় কাঠামোটি চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে; শিক্ষা ও কর্মসংস্থান উপযোগিতা, গবেষণা ও উন্নয়ন, বাণিজ্যিকীকরণ ও উদ্ভাবন এবং সুশাসন ও অংশীদারত্ব।
কাঠামোর আওতায় শিল্পখাতের চাহিদা ও খাতভিত্তিক দক্ষতার প্রয়োজন বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন ও আধুনিকায়ন, পাঠ্যক্রম পর্যালোচনায় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ ও শিক্ষানবিশি কর্মসূচি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে শিল্পখাতের বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতাকে কাজে লাগিয়ে যৌথ গবেষণা, যৌথ গবেষণাগার স্থাপন, প্রযুক্তি হস্তান্তর এবং গবেষণালব্ধ ফলাফলের বাণিজ্যিকীকরণ ও উদ্ভাবনকে উৎসাহিত করার প্রস্তাব করা হয়েছে। এসব উদ্যোগের কার্যকর ও টেকসই বাস্তবায়ন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব গড়ে তোলা, যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন, দায়িত্ব ও জবাবদিহি নির্ধারণ এবং নিয়মিত পরিবীক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে একটি কার্যকর একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
এ ছাড়া অধ্যাপক ড. মামুন বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান নয়; বরং তাদের এমন জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতায় সমৃদ্ধ করা, যাতে তাঁরা কর্মজীবনে প্রবেশ করে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতিতে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
প্রস্তাবিত ফ্রেমওয়ার্কের আওতায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষকদের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীদের অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নেওয়ার সুযোগ তৈরি করা যেতে পারে। এতে শিক্ষার্থীরা প্রচলিত তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতা, প্রযুক্তির ব্যবহার এবং কর্মক্ষেত্রের চাহিদা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করবেন।
শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধিতে ইন্টার্নশিপের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রি ভিজিট, হাতে-কলমে প্রশিক্ষণ এবং বাস্তবভিত্তিক প্রকল্পে কাজ করার সুযোগ সম্প্রসারণ করতে হবে। এর মাধ্যমে শিক্ষাজীবনেই শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের পরিবেশ ও পেশাগত দায়িত্ব সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথ গবেষণাগার ও গবেষণাকেন্দ্র স্থাপন, শিল্পখাতের অর্থায়ন ও অংশগ্রহণে প্রয়োগভিত্তিক গবেষণা পরিচালনা এবং গবেষণার ফলাফলকে উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও বাণিজ্যিক পণ্যে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পাঠ্যক্রম প্রণয়ন ও পর্যালোচনায় শিল্পখাতের প্রতিনিধিদের সম্পৃক্ত করা, শিল্প বিশেষজ্ঞদের অতিথি শিক্ষক ও প্রশিক্ষক হিসেবে যুক্ত করা এবং ইন্টার্নশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার মধ্যে সমন্বয় ঘটবে, গবেষণার ব্যবহারিক প্রয়োগ বাড়বে এবং দেশের শিল্পায়ন, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর অবদান আরও জোরদার হবে।
অধ্যাপক ড. মামুন আরও বলেন, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতাকে বিচ্ছিন্ন বা সাময়িক কোনো উদ্যোগ হিসেবে দেখার সুযোগ নেই। এটিকে একটি টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, পাঠ্যক্রম পর্যালোচনা এবং গবেষণার ফলাফলের ব্যবহারিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।
তিনি মনে করেন, ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যকার দূরত্ব কমবে। একই সঙ্গে শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরি, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দেশের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিভি/এনএম/পিএইচ













মন্তব্য করুন: