• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই

প্রকাশিত: ১৫:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই। মঙ্গলবার দুপুরে ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, রানি মুখার্জির মা শ্রীমতী কৃষ্ণা মুখার্জি আজ দুপুরে ৭৫ বছর বয়সে মারা গেছেন। এই গভীর শোকের সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য পরিবার আন্তরিকভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে পরিবারের এই কঠিন সময়ে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান বজায় রাখার অনুরোধ জানানো হচ্ছে।’

কৃষ্ণা মুখার্জি ছিলেন একজন প্লেব্যাক গায়িকা। ১৯৮২ সালের সিনেমা ‘তিসরি আঁখ’-এর ‘ঈদ কে দিন গলে মিল লে রাজা’ গানটির জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

শুধু সংগীতশিল্পী হিসেবেই নয়, রানি মুখার্জির অভিনয়জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কৃষ্ণার। তিনিই রানিকে অভিনয়ে আসতে উৎসাহিত করেছিলেন। তবে মেয়ের প্রথম স্ক্রিন টেস্ট দেখার পর তার অভিনয় নিয়ে সন্দেহও প্রকাশ করেছিলেন তিনি।

২০২৫ সালের এক সাক্ষাৎকারে রানি মুখার্জি জানিয়েছিলেন, তার মা প্রথমে তাকে অভিনয় করে দেখার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু প্রথম স্ক্রিন টেস্ট দেখার পর কৃষ্ণা এতটাই সন্তুষ্ট হতে পারেননি যে, ‘রাজা কি আয়েগি বারাত’ সিনেমার প্রযোজক সালিম আঙ্কেলকে তিনি বলেছিলেন, রানিকে সিনেমায় নিলে ছবিটির ক্ষতি হতে পারে।

রানি বলেন, তার মা বুঝতে পেরেছিলেন যে প্রথম স্ক্রিন টেস্টে তিনি ভালো অভিনয় করতে পারেননি। তাই প্রযোজককে তিনি সতর্ক করেছিলেন—রানিকে নিয়ে সিনেমা করলে হয়তো লোকসানের মুখে পড়তে হবে। যদিও প্রযোজক রানি মুখার্জিকে নিয়ে কাজ করতে অত্যন্ত আগ্রহী ছিলেন।

মায়ের সেই সতর্কতা ও পরামর্শের পরও শেষ পর্যন্ত অভিনয়ে নিজের জায়গা করে নেন রানি মুখার্জি। বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে তিনি হয়ে ওঠেন ভারতের অন্যতম পরিচিত অভিনেত্রী।

কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। 

বিভি/জোহা

মন্তব্য করুন: