গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলি, ‘রাকা’ সিনেমার বিশ্বরেকর্ড
মুক্তির আগেই বিশ্বরেকর্ড গড়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও নির্মাতা অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটির বিশেষ মশন ক্যাপচার প্রযুক্তির ব্যবহারে নতুন রেকর্ড গড়ে জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’—এই বিভাগে রেকর্ডটি গড়েছে ‘রাকা’। একটি মাত্র সেশনে একই সময়ে ৩৭ জন পারফর্মারের মুভমেন্ট ধারণ করা হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। পরে আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির হাতে তুলে দেওয়া হয় সনদ।
রেকর্ড গড়ার এই মশন ক্যাপচার সেশনে চার বছর বয়সী শিশু থেকে শুরু করে ৭০ বছর বয়সী পারফর্মারও ছিলেন। এত বিপুলসংখ্যক পারফর্মারের গতিবিধি একই সময়ে নিখুঁতভাবে ধারণ করতে ব্যবহার করা হয় ৯২টি অপটিক্যাল মশন-ক্যাপচার ক্যামেরা। এর সঙ্গে ছিল ফেসিয়াল ক্যাপচার, রিয়েল-টাইম ভিজ্যুয়ালাইজেশন, সিঙ্ক্রোনাইজেশন ও বিশেষায়িত প্রযুক্তিগত ব্যবস্থা।
জানা গেছে, রেকর্ড গড়ার এই শুটিংয়ের কাজ শুরু হয়েছিল ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। পরে গিনেস কর্তৃপক্ষ তা যাচাই করে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
এই অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আল্লু অর্জুন। তাঁর মতে, এটি সিনেমার প্রচলিত সীমা আরও এগিয়ে নেওয়ার একটি বিশেষ মুহূর্ত। পরিচালক অ্যাটলিও জানিয়েছেন, ছোটবেলা থেকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কথা শুনে এলেও নিজের সিনেমার মাধ্যমে এমন স্বীকৃতি পাওয়ার কথা তিনি কখনো ভাবেননি।
অ্যাটলি পরিচালিত ‘রাকা’ প্রযোজনা করছে সান পিকচার্স। সিনেমাটিতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। মুক্তির আগেই প্রযুক্তিগত এই বিশ্বরেকর্ড সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
ভারতীয় সিনেমায় বড় পরিসরের ভিজ্যুয়াল এফেক্ট ও মশন-ক্যাপচার প্রযুক্তির ব্যবহারে ‘রাকা’র এই অর্জনকে নির্মাণের দিক থেকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
বিভি/জোহা













মন্তব্য করুন: