• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‘অভিনেতা হিসেবে এমন বিদায় ভাগ্যের বিষয়’

প্রকাশিত: ১৭:২২, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:২৭, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘অভিনেতা হিসেবে এমন বিদায় ভাগ্যের বিষয়’

অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই থেমে গেছে তার জীবনের পথচলা। প্রিয় সহকর্মীকে হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস ও স্মৃতিচারণ করছেন তারকারা। কারও পোস্টে বিস্ময়, কারও লেখায় পুরোনো দিনের স্মৃতি, আবার কারও কথায় ঝরে পড়ছে না ফেরার দেশে চলে যাওয়ার বেদনা।

চঞ্চল চৌধুরীর স্মৃতিতে সোহেল খান

অভিনেতা চঞ্চল চৌধুরী সহকর্মীকে হারিয়ে আবেগাপ্লুত। ফেসবুকে তিনি লিখেছেন,“সোহেল ভাই…..!!!! পরলোকে শান্তিতে থাকুন!!! আপনাকে নিয়ে অনেক স্মৃতি চোখের সামনে ভীড় জমাচ্ছে।”

ফারুকীর পোস্টে আক্ষেপ

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী-র পরিচালনায় ‘৪২০’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন সোহেল খান। তার মৃত্যুতে ফারুকীর পোস্টে উঠে এসেছে এক অদ্ভুত স্মৃতির কথা।

তিনি লিখেছেন,“জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। কালকে হঠাৎ আমার চোখের সামনে ওই কার্ডটা পড়ল কেন? সোহেল খান কী কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’?”

পোস্টের শেষে লিখেছেন, ‘শান্তিতে ঘুমান।’

দীপা খন্দকারের আবেগঘন বার্তা

অভিনেত্রী দীপা খন্দকার সোহেল খানের শেষ মুহূর্তের কথা স্মরণ করে লিখেছেন,“আহা কী দারুণ। ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য তৈরি, তারপর ১ মিনিটেই বিদায়। অভিনেতা হিসেবে এমন বিদায় ভাগ্যের বিষয়।”

শেষে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

ছন্দার স্মৃতিতে প্রাণবন্ত সোহেল

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা সোহেল খানের সঙ্গে কাটানো মজার মুহূর্ত স্মরণ করেছেন। তিনি লিখেছেন, “এই মানুষটার সাথে দেখা হলে অনেক কথা বলতো, সতীর্থকে দেখলেই বলতো ভাই আপনিতো আগে অনেক পান খাইতেন! যদিও সতীর্থ কোন কালেই পান খেতো না, কিন্তু তার মাথায় কেন যেন এটা আটকে ছিল।”

এরপর আক্ষেপের সুরে ছন্দা লেখেন, আজ সকাল থেকে ফেসবুকে এই মানুষটির ছবিই দেখছেন, অথচ আর কোনো কথা হবে না। তাঁর ভাষায়, একজন অসাধারণ অভিনেতার অভিনয়শিল্পেই মৃত্যু হলো। শিল্পীরা এমনটাই চান, কাজ করতে করতেই যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারেন।

কচি খন্দকারের আক্ষেপ

নির্মাতা ও অভিনেতা কচি খন্দকার-এর অসংখ্য নির্মাণে অভিনয় করেছেন সোহেল খান। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মৃতি তুলে ধরে তিনি লিখেছেন, “সেই কাজ আর কোনো দিন হবে না, এটাই রিয়েলিটি। সোহেল খান তোমার স্মৃতিগুলো চিরদিন অম্লান হয়ে থাকবে।”

রবি চৌধুরীর স্মৃতিচারণ

সংগীতশিল্পী রবি চৌধুরী লিখেছেন, সোহেল খান ছিলেন খুব ভালো মানুষ। দেখা হলেই বলতেন, ‘দাদা আমার এলাকায় গাইতে হবে কিন্তু আপনাকে’। কিন্তু সেই আর যাওয়া হলো না। সোহেল ভাই, ভালো থাকবেন পরপারে।

আরও যারা শোক জানিয়েছেন

অভিনেত্রী মৌসুমী নাগ লিখেছেন, ‘শান্তিতে ঘুমান।’ এ ছাড়া শোক প্রকাশ করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব, শ্রাবস্তী দত্ত তিন্নি, শিপন মিত্র, জায়েদ খান, বিজরী বরকতুল্লাহ, ইমু সিকদার ও মুকিত জাকারিয়াসহ অনেকে।

সোহেল খানের আকস্মিক প্রয়াণে সহকর্মীদের এসব পোস্টে স্পষ্ট হয়ে উঠেছে, পর্দার বাইরেও কতটা আপন ছিলেন তিনি। তার অভিনীত চরিত্রগুলো দর্শকের মনে বেঁচে থাকলেও সহকর্মীদের আড্ডায়, স্মৃতিতে আর কখনো ফিরবেন না প্রাণবন্ত এই অভিনেতা।

বিভি/জোহা

মন্তব্য করুন: