ঠোঁট দিয়ে জেনেলিয়ার কানের দুল খুললেন ইমরান হাশমি
ইমরান হাশমি ও জেনেলিয়া ডি সুজা
বলিউড অভিনেতা ইমরান হাশমি মানেই পর্দায় রোমান্সের ভিন্ন এক আমেজ। এবার সিনেমার পর্দা ছাড়িয়ে রিয়েলিটি শোর মঞ্চেও রোমান্টিক দৃশ্যের অবতারণা করলেন তিনি। অভিনেত্রী জেনেলিয়া ডি সুজার কানের দুল হাত দিয়ে নয়, ঠোঁট দিয়ে খুলে নিলেন ইমরান। আর সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
আসন্ন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রচারে ব্যস্ত ইমরান হাশমি ও জেনেলিয়া ডি সুজা। ছবির প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি তাঁরা হাজির হয়েছিলেন সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল: লেজেন্ডস রিটার্ন’-এর বিশেষ পর্বে। সেখানে অনুষ্ঠানের বিচারক হিমেশ রেশমিয়ার উপস্থিতিতে নিজেদের সিনেমার গান ও বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তাঁরা।
অনুষ্ঠানের প্রচার ঝলকে দেখা যায়, একটি বেঞ্চে বসে আছেন জেনেলিয়া। তাঁর কাছে এগিয়ে যান ইমরান। এরপর ‘দর্দ-এ-দিল, দর্দ-এ-জিগর’ গানের একটি রোমান্টিক মুহূর্ত পুনরায় অভিনয় করতে গিয়ে ঠোঁটের সাহায্যে জেনেলিয়ার কান থেকে খুলে নেন কানের দুল। এমন দৃশ্য দেখে অনুষ্ঠানের প্রতিযোগীদের কেউ বিস্মিত হন, আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করেন। জেনেলিয়াকেও হাসতে দেখা যায়।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা প্রতিক্রিয়া। নেটিজেনদের একাংশের প্রশ্ন, সিনেমার প্রচারের জন্য রিয়েলিটি শোর মঞ্চে এমন ঘনিষ্ঠ দৃশ্য দেখানোর প্রয়োজন ছিল কি না। কেউ কেউ আবার জেনেলিয়ার স্বামী অভিনেতা রিতেশ দেশমুখকে টেনে এনে মজার মন্তব্য করেছেন। একজন লিখেছেন, কোনো মেয়ে যদি রিতেশের সঙ্গে এমন করতেন, তাহলে জেনেলিয়ার প্রতিক্রিয়া কী হতো?
তবে সবাই যে সমালোচনা করছেন, তা নয়। অনেক ভক্তের মতে, ইমরান ও জেনেলিয়া দুজনই পেশাদার অভিনেতা। সিনেমার একটি রোমান্টিক দৃশ্য প্রচারের অংশ হিসেবে তাঁরা অভিনয় করেছেন। তাই বিষয়টিকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই।
উল্লেখ্য, আদিত্য দত্ত পরিচালিত ‘গানমাস্টার জি৯’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ইমরান হাশমি ও জেনেলিয়া ডি সুজা। ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন হিমেশ রেশমিয়া। আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। মুক্তির আগেই প্রচারণার এই দৃশ্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন দুই তারকা।
বিভি/জোহা













মন্তব্য করুন: