৮ ঘণ্টা শিফটের দাবি দীপিকার, পাশে দাঁড়ালেন করণ জোহর
বলিউডে কাজের সময় নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শুটিংয়ে আট ঘণ্টার কর্মদিবসের দাবি জানিয়ে আগে থেকেই আলোচনায় ছিলেন তিনি। এবার দীপিকার সেই দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন নির্মাতা ও প্রযোজক করণ জোহর। তাঁর মতে, একজন নারী অভিনেত্রী কেন নিজের কাজের সময় নির্ধারণের অধিকার চাইবেন, তা নিয়ে এত আলোচনা হওয়ার কিছু নেই।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি পর্বে বিষয়টি নিয়ে কথা বলেন করণ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার ও রবি কিষাণ। আলোচনায় উঠে আসে বলিউড তারকাদের কাজের ধরন ও শুটিংয়ের সময়সূচি।
করণ জোহর প্রথমেই প্রশংসা করেন অক্ষয় কুমারের কর্মনিষ্ঠার। তাঁর ভাষ্য, অক্ষয় ভোর পাঁচটায় মিটিং করেন, নিজের চিত্রনাট্য ভালোভাবে জানেন এবং পরিচালক ও প্রযোজকের কাজের প্রতি যথেষ্ট যত্নশীল। এমনকি নতুন পরিচালকদের সুযোগ দেওয়ার ক্ষেত্রেও অক্ষয়ের প্রশংসা করেন তিনি।
এরপর দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফটের প্রসঙ্গ টেনে করণ বলেন, দীপিকার সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। একজন পরিশ্রমী নারী হিসেবে তাঁর নিজের কাজের সময় নির্ধারণের অধিকার রয়েছে। তিনি একই সঙ্গে একজন মা, স্ত্রী, পেশাদার অভিনেত্রী এবং ব্যক্তিগত জীবনের অধিকারী মানুষ। পুরুষ অভিনেতারা যদি নিজেদের কাজের সময় নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে নারী অভিনেত্রীরা কেন পারবেন না?
করণের মতে, চলচ্চিত্রশিল্পে নারী ও পুরুষের মধ্যে কাজের ক্ষেত্রে বৈষম্য থাকা উচিত নয়। নারী তারকাদেরও পুরুষ সহকর্মীদের মতো সমান সম্মান ও সুযোগ দেওয়া প্রয়োজন।
করণের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন অক্ষয় কুমারও। তাঁর মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে পরিকল্পিতভাবে শুটিং করলে পুরো ইউনিটেরই সুবিধা হয়। এতে সৃজনশীল কাজের মান কমে যাওয়ার কোনো কারণ নেই। বরং সময়ের সঠিক ব্যবস্থাপনা থাকলে কাজ আরও গোছানোভাবে করা সম্ভব।
উল্লেখ্য, ২০২৫ সালে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোনের সরে দাঁড়ানোর খবর প্রকাশ্যে আসে। শুটিংয়ের সময়সূচি নিয়ে নির্মাতাদের সঙ্গে মতপার্থক্যের জেরেই এমন সিদ্ধান্ত বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। আট ঘণ্টার শিফটের দাবি ঘিরে তখন বলিউডে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে দীপিকা নিজেও বিষয়টি নিয়ে মুখ খোলেন। তাঁর বক্তব্য ছিল, পুরুষ সুপারস্টাররা বহু বছর ধরে আট ঘণ্টার শিফটে কাজ করলেও একজন নারী একই দাবি জানালে সেটিকে কেন বড় বিষয় করে দেখা হবে?
দীপিকার সেই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন কারিনা কাপুর, আলিয়া ভাট, অনন্যা পাণ্ডে ও নেহা ধুপিয়াসহ বলিউডের আরও কয়েকজন তারকা।
এদিকে ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের এই পর্বটি বুধবার সন্ধ্যা ৭টায় জিওহটস্টারে প্রচারিত হওয়ার কথা রয়েছে।
বিভি/জোহা













মন্তব্য করুন: