• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জঙ্গলের রহস্য নিয়ে আসছেন তামান্না ভাটিয়া, ট্রেইলারেই চমক!

প্রকাশিত: ১৩:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জঙ্গলের রহস্য নিয়ে আসছেন তামান্না ভাটিয়া, ট্রেইলারেই চমক!

প্রকাশ্যে এসেছে সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত সিনেমা ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর ট্রেলার। এ উপলক্ষে একটি মাল্টিপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির অভিনয়শিল্পী সিদ্ধার্থ মালহোত্রা, তামান্না ভাটিয়া, অনুপ সোনি, মণীশ পল, শ্বেতা তিওয়ারি ও সুনীল গ্রোভার। এছাড়া ছিলেন পরিচালক দীপক কুমার মিশ্র ও প্রযোজক একতা কাপুর।

বিহারের একটি জঙ্গলকে কেন্দ্র করে এগিয়েছে ‘বন’-এর গল্প। এতে উঠে এসেছে লোকবিশ্বাস, অতিপ্রাকৃত ঘটনা ও মানুষের আস্থার নানা দিক।

ছবিতে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া। সিনেমার ছটপূজার একটি গানের দৃশ্যের শুটিংয়ের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তামান্না। নদীর পানিতে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার সময় হঠাৎ তাঁর চোখে পানি চলে আসে। কেন এমন হয়েছিল, সেটিও তখন বুঝতে পারেননি অভিনেত্রী।

ছোটবেলা থেকেই ছটপূজার সঙ্গে পরিচিত তামান্না। মুম্বাইয়ের জুহু বিচে প্রতিবছর এই উৎসব ঘিরে মানুষের ব্যাপক সমাগমও দেখেছেন তিনি। তবে ছটপূজার বিশ্বাস, আবেগ ও আত্মনিবেদনের গভীরতা আগে এভাবে অনুভব করার সুযোগ হয়নি বলে জানান অভিনেত্রী।

অন্যদিকে, ভিন্নধর্মী গল্প ও নতুন জগতের চরিত্রে কাজের প্রতি আগ্রহ থেকেই ‘বন’-এ যুক্ত হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। তাঁর ভাষায়, ছবিটি একেবারেই নতুন ও আলাদা একটি জগতের গল্প বলছে। তাই প্রস্তাব পাওয়ার পর বেশি ভাবতে হয়নি।

সিদ্ধার্থ বলেন, ছবিটির মৌলিকত্বের পেছনে প্রযোজনা সংস্থা দ্য ভাইরাল ফিভার (টিভিএফ)-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একতা কাপুরের সঙ্গে এটিই তাঁর প্রথম কাজ। ভারতীয় লোককথা ও দেশের বিভিন্ন অঞ্চলের গল্পের ছায়ার পাশাপাশি টিভিএফের নিজস্ব গল্প বলার ধরনও এতে যুক্ত হয়েছে। ফ্যান্টাসি ঘরানায় একতা কাপুরের পূর্ব অভিজ্ঞতার কারণে ছবিতে লোককথা ও ফ্যান্টাসির সমন্বয়ও হয়েছে বলে জানান তিনি।

‘পঞ্চায়েত’ সিরিজের জন্য পরিচিত দীপক কুমার মিশ্র সিনেমাটি পরিচালনা করেছেন। বালাজি টেলিফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন শোভা কাপুর ও একতা কাপুর। আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’।

বিভি/এজেড

মন্তব্য করুন: