ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান!
ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ খানের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি। ব্যবসা ও বিনিয়োগসহ তার মোট সম্পদের হিসাব করা হয়েছে এই তালিকায়।
হুরুনের তালিকায় শাহরুখের সম্পদের মধ্যে তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ক্রীড়া ব্যবসা নাইট রাইডার্স স্পোর্টসের মতো উদ্যোগও অন্তর্ভুক্ত রয়েছে।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। তার মোট সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সালমান খানের সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি এবং হৃতিক রোশনের ২ হাজার ৫০০ কোটি রুপি।
তবে শীর্ষে থাকলেও গত বছরের তুলনায় শাহরুখ খানের সম্পদের পরিমাণ কমেছে। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ তার সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে শাহরুখের সম্পদের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি রুপি দেখানো হয়েছিল।
অন্যদিকে, অমিতাভ বচ্চনের সম্পদের পরিমাণ এ বছর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালের তালিকায় তার সম্পদের পরিমাণ ছিল ১ হাজার ৬৩০ কোটি রুপি, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার কোটি রুপিতে। শাহরুখের মতো সরাসরি কোনো ব্যবসা পরিচালনা না করলেও পারিবারিক অফিসের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে অমিতাভের। পাশাপাশি রিয়েল এস্টেট খাতেও তার উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।
এবারের তালিকায় নতুন করে জায়গা করে নিয়েছেন সালমান খান। তার সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি। অন্যদিকে, হৃতিক রোশনের সম্পদের পরিমাণ ২০২৫ সালের ২ হাজার ১৬০ কোটি রুপি থেকে বেড়ে এবার ২ হাজার ৫০০ কোটি রুপিতে দাঁড়িয়েছে। তার ব্র্যান্ড এইচআরএক্সের ব্যবসাকে সম্পদ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত বছরের তালিকায় থাকা জুহি চাওলা ও করণ জোহর এবার আর জায়গা পাননি। ২০২৫ সালের তালিকায় জুহি চাওলার সম্পদের পরিমাণ ছিল ৭ হাজার ৭৯০ কোটি রুপি এবং করণ জোহরের ১ হাজার ৮৮০ কোটি রুপি।
এ ছাড়া হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এ রামায়ণ সিনেমার প্রযোজক নমিত মালহোত্রার বাবা নরেশ মালহোত্রার নামও রয়েছে। তার বর্তমান সম্পদের পরিমাণ ১৬ হাজার কোটি রুপি বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।
এদিকে, ২০২৩ সালের পর আর কোনো সিনেমায় দেখা যায়নি শাহরুখ খানকে। ওই বছর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’—তিনটি সিনেমা মুক্তি পায় তার। তিনটি সিনেমাই বক্স অফিসে ব্যবসাসফল হয়। এবার ‘কিং’ সিনেমার মাধ্যমে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য শাহরুখের। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে তার মেয়ে সুহানা খানও অভিনয় করছেন। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিভি/পিএইচ













মন্তব্য করুন: