সঞ্জয় গুপ্তের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, আবেগঘন বার্তা অজয়-অনিলের
বলিউডে শোকের ছায়া। জনপ্রিয় নির্মাতা সঞ্জয় গুপ্তের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করছেন চলচ্চিত্র অঙ্গনের তারকারা। তার মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছেন অভিনেতা অজয় দেবগন ও অনিল কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় প্রয়াত নির্মাতাকে স্মরণ করেছেন তারা।
৫৯ বছর বয়সে মারা গেছেন সঞ্জয় গুপ্ত। শনিবার সকালে মুম্বাইয়ের ভারসোভায় নিজ বাসায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সিসিটিভি ফুটেজে তাঁকে ভারসাম্য হারিয়ে পড়ে যেতে দেখা গেছে। এ ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর প্রতিবেদন (এডিআর) নথিভুক্ত করে তদন্ত করছে পুলিশ।
সঞ্জয় গুপ্তের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক জানিয়েছেন অজয় দেবগন। তিনি লিখেছেন, সঞ্জয়ের আরও অনেক সিনেমা নির্মাণের বাকি ছিল। তাঁর হাতে বলার মতো আরও অনেক গল্প ছিল। এত দ্রুত তাঁর চলে যাওয়া সত্যিই হৃদয়বিদারক। পাশাপাশি প্রয়াত নির্মাতার পরিবারের জন্য শক্তি ও শান্তি কামনা করেছেন অভিনেতা।
অন্যদিকে অনিল কাপুর জানিয়েছেন, সঞ্জয় গুপ্তের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ‘মুসাফির’ (২০০৪) ও ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ (২০১৩) সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ব্যক্তিগত ও পেশাগত জীবনে সঞ্জয়ের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক ছিল বলেও উল্লেখ করেন অনিল। নির্মাতা হিসেবে সঞ্জয়ের নিজস্ব চিন্তা ও চলচ্চিত্র নির্মাণের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বন্ধুকে স্মরণ করেছেন তিনি।
এ ছাড়া অভিনেতা বিবেক ওবেরয়ও সঞ্জয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একসঙ্গে কাজের স্মৃতি স্মরণ করে তিনি জানিয়েছেন, এই অকাল প্রয়াণ মেনে নেওয়া কঠিন।
১৯৯৪ সালে ‘আতিশ: দ্য ফায়ার’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন সঞ্জয় গুপ্ত। ‘কাঁটে’, ‘জিন্দা’, ‘মুসাফির’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘জাজবা’, ‘কাবিল’ ও ‘মুম্বাই সাগা’র মতো সিনেমা নির্মাণ করে বলিউডে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলেন তিনি। বিশেষ করে গ্যাংস্টার ও ক্রাইম থ্রিলারধর্মী সিনেমা নির্মাণে ছিল তাঁর আলাদা দক্ষতা।
সঞ্জয় গুপ্তের আকস্মিক বিদায়ে থেমে গেল আরও অনেক গল্প বলার সম্ভাবনা। রেখে গেলেন একাধিক জনপ্রিয় সিনেমা আর সহকর্মীদের সঙ্গে অসংখ্য স্মৃতি।













মন্তব্য করুন: