কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, কবে আসছে নতুন সিনেমা?
ছবি: বিবিসি (কোলাজ)
জেমস বন্ড সিরিজের নতুন সিনেমা ঘিরে ভক্তদের আগ্রহ বাড়ছে। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ ছিল এ সিরিজে ড্যানিয়েল ক্রেগের শেষ সিনেমা। প্রায় দুই দশক পর এবার নতুন অভিনেতার হাত ধরে ফিরতে যাচ্ছে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ০০৭। নতুন সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলনুভ এবং চিত্রনাট্য লিখবেন স্টিভেন নাইট। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে শুরু হতে পারে শুটিং, আর মুক্তির সম্ভাব্য সময় ২০২৮ সাল। তবে সবচেয়ে বড় প্রশ্ন- কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড?
কবে ঘোষণা করা হবে নতুন জেমস বন্ডের নাম?
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন জেমস বন্ড নির্বাচনের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের নভেম্বর অথবা ডিসেম্বরেই নতুন অভিনেতার নাম ঘোষণা করা হতে পারে।
গত আগস্টে প্রযোজক অ্যামি পাসকাল হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইনকে জানান, বছরের শেষ নাগাদ নতুন অভিনেতার নাম প্রকাশের সম্ভাবনা রয়েছে। অক্টোবরের শেষ দিকে সম্ভাব্য অভিনেতাদের চূড়ান্ত স্ক্রিন টেস্টও অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
আগে সংবাদ সম্মেলন বা ফটোসেশনের মাধ্যমে বন্ড অভিনেতার নাম ঘোষণা করা হতো। তবে বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা অ্যামাজন এমজিএমের হাতে থাকায় প্রাইম ভিডিওর মাধ্যমে নতুন অভিনেতার নাম প্রকাশ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কে হতে পারেন নতুন জেমস বন্ড?
নতুন বন্ড হওয়ার দৌড়ে আলোচনায় রয়েছেন কয়েকজন অভিনেতা। তাদের মধ্যে এগিয়ে আছেন জ্যাক লোডেন (৩৬), জশ ও'কনর (৩৬) এবং ক্যালাম টার্নার (৩৬)। ‘স্লো হর্সেস’, ‘দ্য ক্রাউন’ ও ‘মাস্টার্স অব দ্য এয়ার’-এর মতো কাজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন তারা।
এ ছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছেন জ্যাক ও'কনেল, জ্যাক বার্টন, জো অ্যালউইন, নিকোলাস হল্ট, রবার্ট প্যাটিনসন, জ্যাকব এলর্ডি ও পল মেসকাল। তবে ২০০৫ সালে ড্যানিয়েল ক্রেগের নির্বাচনও ছিল অনেকের কাছে অপ্রত্যাশিত। তাই আলোচনার বাইরে থাকা কোনো অভিনেতার ভাগ্যেও শিকে ছিঁড়তে পারে।
কবে মুক্তি পাবে নতুন সিনেমা, কারা থাকছেন নির্মাণে?
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে নতুন সিনেমার শুটিং শুরু হয়ে ২০২৮ সালে মুক্তি পেতে পারে। এটি হবে আনুষ্ঠানিক জেমস বন্ড সিরিজের ২৬তম সিনেমা। তবে এখনো নাম ও নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’ ট্রিলজি, ‘অ্যারাইভাল’ ও ‘ব্লেড রানার ২০৪৯’খ্যাত ডেনিস ভিলনুভ। তিনি নিজেকে জেমস বন্ড সিরিজের একনিষ্ঠ ভক্ত হিসেবে উল্লেখ করেছেন। তার লক্ষ্য সিরিজের ঐতিহ্য ধরে রেখে নতুন অভিযানের পথ তৈরি করা।
চিত্রনাট্য লিখবেন ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত স্টিভেন নাইট। তিনি জানিয়েছেন, কোনো নির্দিষ্ট অভিনেতাকে মাথায় রেখে নয়, বরং জেমস বন্ড চরিত্রের নিজস্ব বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে গল্প লিখবেন।
ছয় অভিনেতার হাত ধরে জেমস বন্ডের দীর্ঘ পথচলা
১৯৬২ সালে ‘ড. নো’ সিনেমার মাধ্যমে শুরু হয় জেমস বন্ডের আনুষ্ঠানিক চলচ্চিত্রযাত্রা। এ পর্যন্ত ছয়জন অভিনেতা চরিত্রটিতে অভিনয় করেছেন। তারা হলেন শন কনারি, জর্জ লেজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগ।
এর মধ্যে রজার মুর সাতটি এবং শন কনারি আনুষ্ঠানিক সিরিজের ছয়টি সিনেমায় অভিনয় করেছেন। ড্যানিয়েল ক্রেগের ঝুলিতে রয়েছে পাঁচটি সিনেমা। সর্বশেষ ‘নো টাইম টু ডাই’ মুক্তি পায় ২০২১ সালে। সব মিলিয়ে আনুষ্ঠানিক সিরিজে এ পর্যন্ত ২৫টি সিনেমা মুক্তি পেয়েছে।
নতুন সিনেমায় কী পরিবর্তন আসতে পারে?
নতুন মালিকানা ও নির্মাতা দলের কারণে বন্ড সিরিজে গল্প বলার ধরনে পরিবর্তন আসতে পারে। ‘নো টাইম টু ডাই’-এর সমাপ্তির পর আগের গল্পের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন। তাই নতুন টাইমলাইন কিংবা ভিন্ন সময়ের পটভূমিতে বন্ডকে উপস্থাপনের সম্ভাবনাও রয়েছে।
এমনকি ১৯৬০-এর দশক কিংবা ১৯৫০-এর দশকের পটভূমিতে সিনেমা তৈরির ধারণাও আগে আলোচনায় এসেছে। অভিনেতা র্যালফ ফাইনস একসময় ১৯৫০-এর দশকে সাদা-কালো ফিল্ম নোয়ার ঘরানায় বন্ড সিনেমা তৈরির প্রস্তাব দিয়েছিলেন। যদিও এসব ধারণা বাস্তবায়িত হয়নি।
সব মিলিয়ে নতুন অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকারের হাত ধরে জেমস বন্ড সিরিজে আসতে যাচ্ছে নতুন অধ্যায়। এখন ভক্তদের অপেক্ষা শুধু নতুন ০০৭-এর নাম ঘোষণার।
সূত্র: বিবিসি
বিভি/বিবিসি/পিএইচ













মন্তব্য করুন: