• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সব জল্পনার অবসান, পারশা মাহজাবীন পূর্ণীর স্বামী আসাদ নূর

প্রকাশিত: ১৪:৩৮, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সব জল্পনার অবসান, পারশা মাহজাবীন পূর্ণীর স্বামী আসাদ নূর

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ে করেছেন আলোচিত ব্লগার আসাদ নূর। বেশ কয়েক দিন ধরে তাঁদের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছিল নানা আলোচনা ও জল্পনা। অবশেষে নিজেই বিয়ের বিষয়টি স্বীকার করেছেন আসাদ নূর।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে পারশার সঙ্গে বিয়ের খবর নিশ্চিত করেন তিনি। এ সময় বিয়ের পাঞ্জাবি ও পারশার শাড়িও দেখান আসাদ।

জানা গেছে, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাঁদের আক্‌দ সম্পন্ন হয়। পরদিন ২৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন পারশা। তবে ছবিতে স্বামীর মুখ ফুল দিয়ে ঢেকে রাখেন তিনি। স্বামীর পরিচয় প্রকাশ না করে বিষয়টি ব্যক্তিগত রাখার ইঙ্গিতও দিয়েছিলেন এই সংগীতশিল্পী।

এরপর থেকেই শুরু হয় রহস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে আসাদ নূরের একটি ছবির পাঞ্জাবির সঙ্গে পারশার বিয়ের ছবিতে থাকা পোশাকের মিল খুঁজে পান অনেকে। শাড়ির আঁচল এবং দুজনের ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার বিষয়টিও আলোচনায় আসে।

লাইভে আসাদ নূর জানান, পুরো বিষয়টিই ছিল তাঁদের পরিকল্পনার অংশ। সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহল ও প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতেই তাঁরা এমন কৌশল নিয়েছিলেন। ইচ্ছাকৃতভাবে কিছু ইঙ্গিত রেখে দেওয়া হয়েছিল, যাতে মানুষ নিজেরাই বিষয়টি অনুসন্ধান করেন।

বিয়ের আইনগত প্রক্রিয়া সম্পর্কে আসাদ নূর জানান, ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪ অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে ধর্মীয় আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়নি বলে দাবি করেন তিনি।

লাইভে পারশার পরিবার ও বেড়ে ওঠা নিয়েও কথা বলেন আসাদ। তাঁর ভাষ্য, পারশা বাবা-মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই গান ও সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন তিনি। পারশার পেশাগত জীবন, যোগ্যতা ও অর্জনের প্রতি সম্মান রেখেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আসাদ।

এদিকে, তাঁদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ওঠা নানা আলোচনারও জবাব দেন তিনি। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে তারা কাজ করেন না এবং কোনো রাজনৈতিক দলের কাছ থেকে অর্থ বা অনুদান নেননি বলে দাবি করেন আসাদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পারশাকে নিয়ে এআই দিয়ে তৈরি আপত্তিকর ছবি, ট্রল ও অপপ্রচারেরও সমালোচনা করেন তিনি। নারীর ব্যক্তিগত সম্মান ও মর্যাদা রক্ষার আহ্বান জানান এই ব্লগার।

বিয়ের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে আলোচনা চলছে। পরিচয় গোপন রেখে বিয়ের খবর প্রকাশ এবং পরে আসাদ নূরের স্বীকারোক্তি—সব মিলিয়ে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছেন এই দম্পতি।

বিভি/জোহা

মন্তব্য করুন: