• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ধানুশের চোখে সাই পল্লবীই সেরা সীতা, বললেন ‘পুরো ভারত খুঁজলেও পাবেন না’

প্রকাশিত: ১৫:০৯, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:০৯, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ধানুশের চোখে সাই পল্লবীই সেরা সীতা, বললেন ‘পুরো ভারত খুঁজলেও পাবেন না’

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী সাই পল্লবী। এবার তার প্রশংসায় মুখ খুলেছেন সহ-অভিনেতা ধানুশ। অভিনেতার মতে, সীতার চরিত্রে সাইয়ের মতো উপযুক্ত কাউকে খুঁজে পাওয়া কঠিন।

সম্প্রতি তাদের আসন্ন সিনেমা ‘ওএম’-এর প্রি-রিলিজ অনুষ্ঠানে সাই পল্লবীর অভিনয় ও ব্যক্তিত্ব নিয়ে কথা বলেন ধানুশ। সীতার চরিত্রে তার অভিনয় ঘিরে এত আলোচনা-সমালোচনা কেন হচ্ছে, তা বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।

ধানুশ বলেন, ‘সীতার চরিত্রে তার অভিনয় নিয়ে এত আলোচনা হচ্ছে। বিষয়টি আমি সত্যিই বুঝতে পারছি না। শুটিংয়ের বিরতিতেও সাই নিয়মিত প্রার্থনা করতেন। পুরো ভারত খুঁজলেও তার মতো আরেকজন সীতা পাওয়া যাবে না। ঈশ্বরের প্রতি তার গভীর ভক্তি রয়েছে, হৃদয়টাও নির্মল। তিনি যেমন সুন্দর, অভিনয়েও তেমন অসাধারণ।’

সাই পল্লবীর সঙ্গে ‘মারি ২’ সিনেমায় প্রথম কাজ করার অভিজ্ঞতাও তুলে ধরেন ধানুশ। তার ভাষ্য, গত নয় বছরে অভিনেত্রী হিসেবে অনেকটাই পরিণত হয়েছেন সাই। প্রথম পরিচয়ের সময় বেশ চুপচাপ ও লাজুক থাকলেও ‘ওএম’-এর সেটে তাঁর আত্মবিশ্বাস ও কাজের দক্ষতা দেখে মুগ্ধ হয়েছেন তিনি।

‘ওএম’ সিনেমায় সাই পল্লবীকে দেখা যাবে সিবিআই কর্মকর্তা নিত্যা রেড্ডির চরিত্রে। অবৈধ রক্তচন্দন কাঠের ব্যবসার তদন্তের দায়িত্ব পান তিনি। সিনেমাটিতে ধানুশের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মামুটিও। কঠিন একটি চরিত্র সাহস ও দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলার জন্যও সাইয়ের প্রশংসা করেন ধানুশ।

এদিকে নীতেশ তিওয়ারির দুই পর্বের সিনেমা ‘রামায়ণ’-এ সীতার ভূমিকায় অভিনয় করছেন সাই পল্লবী। এতে রামের চরিত্রে রণবীর কাপুর, রাবণের চরিত্রে ইয়াশ, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের চরিত্রে রয়েছেন সানি দেওল। সিনেমাটির প্রথম পর্ব ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: