• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

লাকি আলির কনসার্ট বাতিল, টাকা ফেরত দিচ্ছে আয়োজকরা

প্রকাশিত: ১৩:২৯, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
লাকি আলির কনসার্ট বাতিল, টাকা ফেরত দিচ্ছে আয়োজকরা

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলির বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় এবং শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামে তার দুটি কনসার্ট হওয়ার কথা ছিল। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করে শেষ মুহূর্তে অনুষ্ঠান দুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। এরই মধ্যে কনসার্টের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আয়োজকরা জানান, অপ্রত্যাশিত কারণে লাকি আলির বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। কনসার্টের সব টিকিট বাতিল বলে গণ্য হবে।

জানা গেছে, বুধবার সকাল থেকেই টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দুটি কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ইকিউব এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক দ্রোহী আহসান সংবাদমাধ্যমকে জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে কনসার্ট আয়োজন করা নিরাপদ নয়। এ অবস্থায় কোনো ধরনের ঝুঁকি নিতে চান না তারা।

তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। বরং কনসার্ট আয়োজনের অনুমতিও ছিল। তবে অনানুষ্ঠানিকভাবে তাদের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি বিবেচনা করে এবং শিল্পীর সঙ্গে আলোচনা করেই কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৩ সালে ঢাকায় একটি কনসার্টে গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মাতিয়েছিলেন লাকি আলি। তার গান ও সুরের মুগ্ধতায় আবারও সরাসরি তাকে শোনার অপেক্ষায় ছিলেন বাংলাদেশের সংগীতপ্রেমীরা।

এবারের কনসার্ট দুটিতে বাংলাদেশের কয়েকটি জনপ্রিয় ব্যান্ডেরও সংগীত পরিবেশনের কথা ছিল। আয়োজকদের তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম- দুই শহরের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে সফর বাতিল হওয়ায় হতাশ হয়েছেন লাকি আলির ভক্ত ও সংগীতপ্রেমীরা।

সূত্র: সংবাদ প্রতিদিন

বিভি/অনলাইন/পিএইচ

মন্তব্য করুন: