আবারও আদালতে পরীমনি, শুনানিতে লড়বেন আইনজীবী নীলাঞ্জনা
ছবি: সংগৃহীত
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকার আদালতে পৌঁছান।
ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে আজ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। পরীমনির পক্ষে শুনানিতে অংশ নেবেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। এ মামলা থেকে পরীমনি ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য ১৭ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন ৫ আগস্ট বাহিনীটির পক্ষ থেকে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে বলা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে লিখিতভাবে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হলেও এর মেয়াদ আগেই শেষ হয়েছিল।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। মাদক পরিবহনে নিজের গাড়ি ব্যবহারের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে উল্লেখ করা হয় অভিযোগপত্রে।
পরবর্তী সময়ে ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে উচ্চ আদালত মামলাটিতে নতুন করে অভিযোগ গঠন বিষয়ে শুনানির নির্দেশ দেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: