• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কারিনার সঙ্গে হৃতিকের পুনর্মিলনের ইঙ্গিত!

প্রকাশিত: ১৫:৫২, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কারিনার সঙ্গে হৃতিকের পুনর্মিলনের ইঙ্গিত!

বলিউডের জনপ্রিয় জুটি কারিনা কাপুর খান ও হৃতিক রোশনের পর্দার রসায়ন আজও ভুলতে পারেননি দর্শক। ২০০১ সালে মুক্তি পাওয়া করণ জোহরের ব্লকবাস্টার সিনেমা ‘কাভি খুশি কাভি গম’-এ ‘পু’ ও ‘রোহন’ চরিত্রে তাদের জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার দীর্ঘ ২৫ বছর পর আবারও একসঙ্গে দেখা যাওয়ার ইঙ্গিত দিলেন নির্মাতা করণ জোহর।

সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনের টিজার প্রকাশ করে ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছেন করণ। সেখানে কারিনা ও হৃতিকের পুনর্মিলনের আভাস পাওয়া গেছে। বিজ্ঞাপনটি তৈরি হচ্ছে জনপ্রিয় আবাসন ভাড়া ও বুকিং প্ল্যাটফর্ম এয়ারবিএনবির জন্য।

টিজারের শুরুতে দেখা যায়, কারিনা কাপুরকে ঠোঁটে লিপস্টিক লাগাতে। দৃশ্যটি মনে করিয়ে দেয় ‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় তার অভিনীত পু চরিত্রের পরিচিত মুহূর্ত। অন্যদিকে হৃতিককে দেখা যায় চামড়ার জ্যাকেট ও জুতা পরতে। তার সাজেও ফিরে এসেছে রোহন রাইচাঁদের স্মৃতি।

তবে টিজারে দুজনের কারও মুখ পুরোপুরি দেখানো হয়নি। ফলে বিজ্ঞাপনে তাদের উপস্থিতি নিয়ে রহস্য আরও বেড়েছে।

ভিডিওটি শেয়ার করে করণ জোহর লিখেছেন, ‘কিছু গল্প ২৫ বছর পরও শেষ হয় না।’ তার এই বার্তায় নস্টালজিয়ায় ভেসেছেন ভক্তরা।

টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। নির্মাতা তাহিরা কাশ্যপ মন্তব্য করেছেন, তিনি এই জুটিকে নিয়ে একটি সিনেমা দেখতে চান। অনেক ভক্তও বিজ্ঞাপনের পরিবর্তে বড় পর্দায় কারিনা-হৃতিককে একসঙ্গে দেখার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ২০০১ সালে মুক্তি পাওয়া ‘কাভি খুশি কাভি গম’ পরিচালনা করেছিলেন করণ জোহর। এতে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন ও কারিনা কাপুর অভিনয় করেন। সিনেমাটিতে রোহন ও পু চরিত্রের মজার রসায়ন দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছিল।

২৫ বছর পর সেই স্মৃতিই যেন নতুন করে ফিরিয়ে আনছেন করণ জোহর। এখন দেখার বিষয়, বিজ্ঞাপনের এই পুনর্মিলন ভবিষ্যতে বড় পর্দায় নতুন কোনো সিনেমার সম্ভাবনা তৈরি করে কি না।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত