• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ব্যাডটাচ-গুডটাচ যেটাই হোক, আমার তো ব্যথা লেগেছে: পরীমনি

প্রকাশিত: ১৪:১০, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ব্যাডটাচ-গুডটাচ যেটাই হোক, আমার তো ব্যথা লেগেছে: পরীমনি

ছবি: সংগৃহীত

আইনি জটিলতা যেন পিছু ছাড়ছে না চিত্রনায়িকা পরীমনির। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় আদালতে হাজিরা দিতে হচ্ছে তাকে। সম্প্রতি এক ব্যবসায়ীকে মারধরের মামলায় হাজিরা দিতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। 

ওই সাংবাদিককে টেনে নেওয়া ও মারধরের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। পরীমনির দাবি, ওই সাংবাদিক তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি। এবার সেই ঘটনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন পরীমনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে যান তিনি। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গত ৫ নভেম্বরের ঘটনা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমনি।

তিনি বলেন, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক; করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করলো এরকম করে যে- আমি কিন্তু সাংবাদিক, তার মানে কী দাঁড়াল? তখন তো আমি হিট মোমেন্টে; তাহলে তো বলবোই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।’

গত ৫ নভেম্বর ব্যবসায়ীকে মারধরের মামলায় হাজিরা দিতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান পরীমনি। ওই সময় সাংবাদিককে টেনে নেওয়া ও মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে পরীমনির ভাষ্য, ওই সাংবাদিক তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি প্রতিক্রিয়া দেখান। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়।

এর আগে ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। পরে উচ্চ আদালত তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে অভিযোগ গঠন বিষয়ে নতুন করে শুনানির নির্দেশ দেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত