আনন্দবাজার ডটকমের চোখে সেরা ৭ বন্ড গার্ল
ছবি: ৭ বন্ড গার্ল
২০২৮ সালে মুক্তি পাবে জেমস বন্ড সিরিজের ২৬তম মুভি। নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন। এখন প্রশ্ন বন্ড গার্ল অর্থাৎ নায়িকা কে? বন্ড গার্লের সম্ভাব্য নাম নিয়ে যখন চলছে জল্পনা কল্পনা, তখন ভারতের আনন্দবাজার ডটকম তৈরি করলো এ যাবৎ কালের সেরা সাত বন্ড গার্লের তালিকা। তারা হলেন- ইভা গ্রিন, অনর ব্ল্যাকম্যান, উরসুলা অ্যান্ড্রেস, জেন সেমুর, মিশেল ইয়ো, ইজাবেলা স্করুপকো এবং বারবারা বাখ।
ইভা গ্রিন: ‘ক্যাসিনো রয়্যাল’ ছবিতে ইভা গ্রিনের আবির্ভাব। ফরাসি অভিনেত্রী ২০০৬ সালের এই ছবিতে ‘ভেসপার লিন্ড’ চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ছবিতে ‘০০৭’-এর ভূমিকায় প্রথম বার দেখা যায় ড্যানিয়েল ক্রেগকে। ‘ভেসপার’কে রহস্যময়ী, প্রভাবশালী নারীচরিত্র হিসেবে দেখানো হয়েছিল, নিছক সুন্দরী বান্ধবী নয়। ১৯৮০ সালের ৬ জুলাই প্যারিসে জন্ম হয় ইভার। বড়পর্দার আগে তিনি মূলত মঞ্চে অভিনয় করতেন। তার পর ২০০৩ সালে ইটালীয় পরিচালক বার্নার্দো বার্তোলুচ্চির ‘দ্য ড্রিমার্স’-এর হাত ধরে বড়পর্দায় আত্মপ্রকাশ। এর পর ‘কিংডম অফ হেভেন’, ‘ক্যাসিনো রয়্যাল’, ‘ফ্র্যাঙ্কলিন’, ‘ডার্ক শ্যাডোজ়’ ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন।

অনর ব্ল্যাকম্যান: ১৯৬৪ সালে ‘গোল্ডফিঙ্গার’ ছবিতে ‘বন্ড গার্ল’-এর চরিত্রে দেখা যায় ব্রিটিশ অভিনেত্রী অনর ব্ল্যাকম্যানকে। ছবিতে তার চরিত্রের নাম ছিল ‘পুসি গ্যালর’। ‘জেমস বন্ড’ শন কনারির বিপরীতে পাইলটের চরিত্রে দেখা যায় ‘বন্ড গার্ল’কে। খলনায়কের ব্যক্তিগত পাইলট ছিলেন তিনি। ‘পুসি গ্যালর’ চরিত্রটি বন্ড-প্রেমীদের মনে এতটাই দাগ কাটে যে, ইয়ান ফ্লেমিংয়ের পরে যখন ব্রিটিশ লেখক অ্যান্টনি হরউৎজ় বন্ড-কাহিনি ‘ট্রিগার মর্টিস’ লেখেন, তিনি পুসি গ্যালরকে ফিরিয়ে আনেন। ১৯২৫ সালের ২২ আগস্ট ইংল্যান্ডের এসেক্সে তার জন্ম হয়। ২০২০ সালে ৯৪ বছর বয়সে মৃত্যু হয় অভিনেত্রীর। অনর কেবল ‘জেমস বন্ড’-এর জন্যই জনপ্রিয় ছিলেন না, তিনি অভিনয় করেছিলেন ‘দি অ্যাভেঞ্জার্স’-এও। তা ছাড়া সিচুয়েশনাল কমেডি ‘দি আপার হ্যান্ড’-এর লরা ওয়েস্ট হিসেবে খ্যাত ছিলেন অনর।

উরসুলা অ্যান্ড্রেস: সুইস অভিনেত্রী উরসুলা অ্যান্ড্রেস ‘বন্ড গার্ল’ ‘হানি রাইডার’-এর চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৬২ সালের ছবি ‘ডক্টর নো’-তে সাদা বিকিনি পরে সমুদ্র থেকে উঠে আসার দৃশ্য আজও দর্শকের চোখে ভাসে। তার বিপরীতে বন্ড-এর চরিত্রে অভিনয় করেছিলেন শন কনারি। যদিও ছবিতে উরসুলার উচ্চারণের সুইস প্রভাবকে ঢাকতে কণ্ঠ দিয়েছিলেন অন্য একজন। উল্লেখ্য, উপন্যাসে হানিকে একজন স্বতন্ত্র প্রতিভাময়ী নারী হিসেবে দেখেনো হয়েছিল, কিন্তু ছবিতে হানি হয়ে দাঁড়ায় প্রতাপান্বিত বন্ডের ছায়াসঙ্গিনী মাত্র। তবে তার মধ্যেই উরসুলা নজর কেড়েছিলেন। ১৯৩৬ সালে সুইৎজ়ারল্যান্ডে জন্ম নেওয়া অভিনেত্রী আমেরিকান, ইটালীয় এবং ব্রিটিশ ছবিতে অভিনয় করেছেন। ১৯৬৭ সালে এমনকি বন্ড প্যারডি ‘ক্যাসিনো রয়্যাল’-এ ‘ভেসপার’ হিসেবেও অভিনয় করেছিলেন উরসুলা। এ ছাড়াও ‘ফান ইন অ্যাকাপুলকো’, ‘ফোর ফর টেক্সাস’, ‘শি’, ‘পিটার দ্য গ্রেট’ ইত্যাদি ছবিতে নজর কেড়েছেন উরসুলা।

জেন সেমুর: ১৯৭৩ সালে জেমস বন্ডের ছবি ‘লিভ অ্যান্ড লেট ডাই’-তে প্রথম বার অভিনয় করেছিলেন রজার মুর। জেন সেমুর অভিনীত ‘বন্ড গার্ল’ ছিল অতিপ্রাকৃত ক্ষমতাসম্পন্ন নারী, যে অজানা মানুষেরও ভাগ্য বলে দিতে পারত। চরিত্রটির নাম ‘সলিটেয়ার’, আসল নাম সিমোন লাত্রেল। প্রথমে খলনায়কের সঙ্গী হিসেবে দেখা যায় জেনকে। কিন্তু ধীরে ধীরে জেমস বন্ডের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার চরিত্রের। এই ছবির পর আমেরিকান টেলিভিশনে একাধিক সুযোগ পান জেন। তা ‘ডক্টর কুইন’ হোক বা ‘মেডিসিন উওম্যান’। তা ছাড়াও ‘ক্যাপ্টেনস অ্যান্ড দ্য কিংস’, ‘দ্য উওম্যান হি লাভ্ড’, ‘ওনাসিস: দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ ইত্যাদি ছবিতেও অভিনয় করেছেন জেন। ১৯৫১ সালের ১৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডে জন্ম হয় জেনের।

মিশেল ইয়ো: চিনা গুপ্তচর ‘ওয়াই লিন’ চরিত্রে অভিনয় করেন মিশেল ইয়ো। ১৯৯৭ সালের বন্ড ফ্র্যাঞ্চাইজ়ির ছবি ‘টুমরো নেভার ডাইজ়’-এ তার বিপরীতে জেমস হয়েছিলেন পিয়ের্স ব্রসনান। ‘বন্ড গার্ল’-র প্রচলিত ধারণা ভেঙে দিয়েছিলেন মিশেল। জেমস বন্ডের সমকক্ষ ছিল তার চরিত্র ওয়াই লিন। সে বন্ডের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে তার সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে। প্রথমে দু’জনের মধ্যে সহযোগিতার বদলে প্রতিযোগিতা বেশি দেখা গেলেও পরে তারা একসঙ্গে অভিযান চালায়। ১৯৬২ সালে মালয়েশিয়ায় জন্ম অভিনেত্রীর। চার দশকেরও বেশি সময় ধরে নানা টেলিভিশন সিরিজ় এবং ছবিতে কাজ করেছেন মিশেল। ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’, ‘মেমোয়ার্স অফ আ গেইশা’, ‘সানশাইন’, তার ঝুলিতে রয়েছে এমনই কিছু ছবি।

ইজ়াবেলা স্করুপকো: ‘নাতালিয়া সিমোনোভা’ চরিত্রে অভিনয় করেছিলেন পোলিশ-সুইডিশ অভিনেত্রী ইজ়াবেলা স্করুপকো। ১৯৯৫ সালে ‘গোল্ডেনআই’ ছবিতে পিয়ের্স ব্রসনানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। নাতালিয়া রাশিয়ান মহাকাশ বাহিনীর একজন সদস্য। সে একজন তুখোড় প্রোগ্রামার। এখানে শারীরিক লড়াইয়ে পারদর্শী না হয়েও বুদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান এবং উপস্থিত বুদ্ধির সাহায্যে বিপদের মোকাবিলা করত এই ‘বন্ড গার্ল’। ১৯৭০ সালে পোল্যান্ডে জন্ম ইজ়াবেলার। বহু বছর মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। পরবর্তীকালে সঙ্গীতশিল্পী হিসেবেও নাম করেন ইজ়াবেলা। ‘উইথ ফায়ার অ্যান্ড সোর্ড’, ‘ভার্টিকাল লিমিট’, ‘হিডেন: ফার্স্ট বর্ন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

বারবারা বাখ: ‘দ্য স্পাই হু লাভ্ড মি’ ছবির ‘বন্ড গার্ল’ ‘আনিয়া আমাসোভা’-র ভূমিকায় বারবারা বাখ। ‘০০৭’ রজার মুরের বিপরীতে অভিনয় করেছিলেন ১৯৭৭ সালে। আনিয়া সোভিয়েত গুপ্তচর সংস্থা কেজিবি-র একজন এজেন্ট। বন্ডের নিষ্ক্রিয় পার্শ্বচরিত্র না হয়ে, বরং একজন সমকক্ষ প্রতিপক্ষ হিসেবে কাজ করে সে। অনুরাগীদের মত, এই ফ্র্যাঞ্চাইজ়ির ইতিহাসে অন্যতম আকর্ষণীয় ও স্মরণীয় ‘বন্ড গার্ল’দের একজন আনিয়া তথা বারবারা। ১৯৪৬ সালের ২৮ আগস্ট নিউইয়র্কে জন্ম হয় বারবারার। তার বাবা ছিলেন ইহুদি আর মা আয়ারল্যান্ডের ক্যাথলিক বংশজাত। পেশার শুরুর দিকে ফ্যাশন জগতের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন বারবারা। ইটালীয় টেলিভিশন সিরিজ় ‘দ্য অডিসি’তে তার অভিনয়ের পেশার সূচনা।

উল্লেখ্য, জেমস বন্ড সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায় ১৯৬২ সালে। সিনেমাটির নাম ছিল ডক্টর নো (Dr. No)। এতে প্রথমবারের মতো জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেন স্কটিশ অভিনেতা শন কনারি। ইয়ান ফ্লেমিংয়ের লেখা উপন্যাস অবলম্বনে ইওন প্রোডাকশনস এই সিনেমাটি তৈরি করেছিল। এর আগে ১৯৫৪ সালে টেলিভিশনের জন্য ‘ক্যাসিনো রয়্যাল’ নামে একটি নাটক প্রচারিত হলেও, বড় পর্দায় অফিশিয়াল সিনেমা সিরিজের যাত্রা শুরু হয় ১৯৬২ সালেই।
জেমস বন্ডের অফিশিয়াল বা মূল সিরিজের মোট সিনেমার সংখ্যা ২৫টি। এছাড়া মূল সিরিজের বাইরে আরও ২টি আনঅফিশিয়াল সিনেমা রয়েছে। সব মিলিয়ে বড় পর্দায় মুক্তি পাওয়া বন্ড সিনেমার মোট সংখ্যা ২৭টি।

বন্ডের চরিত্রে এ পর্যন্ত ৬ জন অভিনেতা অভিনয় করেছেন। তারা হলেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেইগ। বন্ড চরিত্রের ৭ম রূপায়নকারি হতে যাচ্ছেন রবার্ট প্যাটিনসন। মূল মুভি সিরিজের বাইরেও আরও দুজন অভিনেতা বড় পর্দা ও টেলিভিশনে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন। ব্যারি নেলসন প্রথম অভিনেতা যিনি ১৯৫৪ সালে একটি মার্কিন টেলিভিশন নাটকে (ক্যাসিনো রয়্যাল) বন্ড চরিত্রে অভিনয় করেছিলেন। অপর জন হলেন, ডেভিড নিভেন। তিনি ১৯৬৭ সালে নির্মিত ব্যঙ্গাত্মক (প্যারোডি) সিনেমা ‘ক্যাসিনো রয়্যাল’-এ জেমস বন্ডের ভূমিকায় ছিলেন।
জেমস বন্ডের ২৫টি অফিশিয়াল সিনেমায় মূল বা প্রধান বন্ড গার্লের সংখ্যা ৩০ থেকে ৩৫ জন। তবে স্বল্প সময়ের প্রেমিকা ও নারী খলনায়িকাসহ মোট সংখ্যা ধরলে এটি ৭৫ থেকে ৮০ জনের বেশি।
রবার্ট প্যাটিনসন একজন সুপরিচিত ব্রিটিশ অভিনেতা ও প্রযোজক। তিনি হলিউডের বড় বাজেটের বাণিজ্যিক চলচ্চিত্র এবং ভিন্নধর্মী স্বাধীন সিনেমায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। ২০০৫ সালে হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার ছবিতে সেড্রিক ডিগরি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নজরে আসেন। পরবর্তীতে টোয়াইলাইট (২০০৮–২০১২) সিরিজে এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পান। গত ১৬ নভেম্বর অ্যামাজন এমজিএম স্টুডিওস তাকে পরবর্তী জেমস বন্ড (০০৭) হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে
এখন সবার অধীর আগ্রহ, জানতে চান পরবর্তী বন্ড গার্লের নাম। তবে সেজন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।
বিভি/এসবি/এমআর













মন্তব্য করুন: