থালাপতি বিজয়ের অনুমতিতে প্রেক্ষাগৃহে ধানুশের ‘ওএম’
মুক্তির আগেই আলোচনায় দক্ষিণী তারকা ধানুশ অভিনীত নতুন সিনেমা ‘ওএম: অপারেশন মোল’। সেন্সর বোর্ড থেকে ইউ/এ (U/A) সনদ পেয়েছে সিনেমাটি। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রাজকুমার পেরিয়াসামি পরিচালিত অ্যাকশন-ক্রাইম থ্রিলারটি।
সিনেমাটির প্রথম দিনের প্রদর্শনী সকাল ৬টা থেকে শুরু করার অনুমতি দিয়েছে তামিলনাড়ু সরকার। এ অনুমতি দেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ধানুশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অভিনেতা বলেন, একটি সিনেমার সাফল্যের পেছনে বিভিন্ন বিভাগের অসংখ্য মানুষের পরিশ্রম ও আত্মত্যাগ থাকে। প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখাই চলচ্চিত্রশিল্পের সঙ্গে যুক্ত মানুষদের সবচেয়ে বড় সহযোগিতা।
একই সঙ্গে সকাল ৬টার প্রদর্শনী দেখতে আসা দর্শকদের নিরাপদ ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদের যেন কোনো অসুবিধা না হয়, সেদিকেও খেয়াল রাখতে বলেছেন এই অভিনেতা।
‘ওএম: অপারেশন মোল’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে অন্ধ্রপ্রদেশের শেষাচলম বনাঞ্চলে চন্দনকাঠ পাচার এবং সংঘবদ্ধ অপরাধের জগৎকে ঘিরে। এতে ধানুশ অভিনয় করেছেন তামিলনাড়ু পুলিশের অর্গানাইজড ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের একজন আন্ডারকভার কর্মকর্তার চরিত্রে। পাচারচক্রে অনুপ্রবেশ করতে তাকে কাঠুরিয়ার ছদ্মবেশ নিতে হয়।
সিনেমায় আইপিএস কর্মকর্তা নিত্যা রেড্ডির চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। আর পাচারচক্রের সঙ্গে জড়িত রহস্যময় চরিত্রে দেখা যাবে মালয়ালম সুপারস্টার মাম্মুটিকে। এছাড়া রয়েছেন শ্রীলীলা ও নাসিরুদ্দিন শাহ।
প্রায় তিন ঘণ্টার এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি গল্পও লিখেছেন রাজকুমার পেরিয়াসামি। সংগীত পরিচালনায় রয়েছেন সাই অভ্যঙ্কর।
প্রথমে ‘ওএম: চ্যাপ্টার ওয়ান—উধিরাম: দ্য ব্লাড উড’ নামে ঘোষণা করা হলেও বর্তমানে ‘ওএম: অপারেশন মোল’ নামেই প্রচার করা হচ্ছে সিনেমাটি।
২০ নভেম্বর তামিল ভাষার পাশাপাশি তেলেগু, হিন্দি, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি।
সিনেমাটির মুক্তিকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। বিশেষ করে সকাল ৬টার প্রদর্শনীর অনুমতি পাওয়ায় প্রথম দিনেই প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল নামবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
বিভি/জোহা













মন্তব্য করুন: