• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বলিউডের গানে সৃজনশীলতার স্বাধীনতা নেই: কুমার শানু

প্রকাশিত: ২২:৩৪, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বলিউডের গানে সৃজনশীলতার স্বাধীনতা নেই: কুমার শানু

কুমার শানু

বলিউডের সংগীতজগতে আগের মতো সৃজনশীলতার স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। তার মতে, এখনো ভালো গান তৈরি হচ্ছে, প্রতিভাবান সংগীত পরিচালকও রয়েছেন। তবে গান তৈরির ক্ষেত্রে আগের মতো পরীক্ষা-নিরীক্ষা ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ কমে গেছে।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের সংগীতজগতের পরিবর্তন নিয়ে নিজের অভিজ্ঞতা ও হতাশার কথা তুলে ধরেন ৬৯ বছর বয়সী এই শিল্পী।

চার দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতের সঙ্গে যুক্ত কুমার শানু নব্বই ও দুই হাজারের দশকের সংগীতচর্চার সঙ্গে বর্তমান সময়ের তুলনা করেন। তিনি বলেন, আগে সংগীত পরিচালক, গীতিকার ও শিল্পীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের যথেষ্ট স্বাধীনতা পেতেন। একটি পরিস্থিতির জন্য সংগীত পরিচালক চাইলে ১০টি ভিন্ন সুর তৈরি করতে পারতেন। পরে পুরো দল মিলে সেরা সুরটি বেছে নিত। তার ভাষায়, চারদিকে তখন সৃজনশীলতার চর্চা ছিল। শিল্প বলতে সেটাই বোঝায়।

বর্তমান সংগীত প্রযোজনায় প্রযুক্তির ব্যবহার নিয়েও কথা বলেছেন কুমার শানু। তার মতে, অটো-টিউন ও মেলোডাইনের মতো প্রযুক্তি গান তৈরির কাজ অনেক সহজ করে দিয়েছে। তবে এর কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে।

আগে একটি গান এক কিংবা দুইবারের চেষ্টাতেই রেকর্ড করা সম্ভব হতো। সামান্য ভুল হলে পুরো অংশ আবার রেকর্ড করতে হতো। ফলে শিল্পীদের মধ্যে থাকত বাড়তি মনোযোগ, নিষ্ঠা ও শৃঙ্খলা। এখন অনেক সময় একটি গানের প্রতিটি শব্দ আলাদাভাবে রেকর্ড করা হয়।

কুমার শানুর মতে, ভুল করার ভয় না থাকলে নিষ্ঠাও কমে যায়। আর নিষ্ঠা কমে গেলে কাজের প্রতি সেই গভীরতাও আর থাকে না।

তবে প্রযুক্তির ব্যবহারকে পুরোপুরি নেতিবাচকভাবে দেখছেন না এই সংগীতশিল্পী। তার মতে, প্রযুক্তির ভালো ও খারাপ দুই দিকই রয়েছে। এটি গান গাওয়া ও নাচের কাজ সহজ করেছে। কিন্তু প্রযুক্তি দিয়ে প্রকৃত শিল্প সৃষ্টি করা যায় না। শিল্প আসে সৃষ্টিকর্তার কাছ থেকে কিংবা বংশপরম্পরায় পাওয়া প্রতিভা থেকে।

বর্তমান সময়ের সংগীত নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে কুমার শানু বলেন, এখনো অনেকেই ভালো গান তৈরি করতে সক্ষম। বর্তমান সময়ের সব গান খারাপ, এমনটা তিনি মনে করেন না। তার মূল আপত্তি সৃজনশীল স্বাধীনতার অভাব নিয়ে।

সম্প্রতি ২১ বছর পর আবারও সংগীতশিল্পী উদিত নারায়ণের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু। দীর্ঘ বিরতির পর দুই জনপ্রিয় শিল্পীর এই পুনর্মিলনও সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

চার দশকের অভিজ্ঞতায় বলিউডের সংগীতের নানা পরিবর্তন দেখেছেন কুমার শানু। তবে তার কাছে সংগীতের আসল সৌন্দর্য এখনো সেই স্বাধীন সৃজনশীলতা, নিষ্ঠা আর আবেগের মধ্যেই।

বিভি/জোহা

মন্তব্য করুন: