ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা
ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ফরাসি ভাষায় দক্ষতা অর্জন, পেশাগত যোগাযোগ বাড়ানো এবং স্থানীয় সমাজ ও কর্মপরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীরা। তাদের মতে, ইউরোপের কর্মবাজারে ক্যারিয়ার গড়তে শুধু একাডেমিক ডিগ্রি যথেষ্ট নয়; প্রয়োজন ভাষাজ্ঞান, বাস্তব কর্মঅভিজ্ঞতা এবং কার্যকর পেশাগত নেটওয়ার্ক।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে ফ্রান্সে আসা নতুন বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে সম্প্রতি প্যারিসের একটি সম্মেলনকক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ স্টুডেন্টস নেটওয়ার্ক ফ্রান্স। ‘যোগাযোগ, সহযোগিতা ও ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থী, গবেষক এবং বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশিরা অংশ নেন।
অনুষ্ঠানে ফ্রান্সে পড়াশোনার সুযোগের পাশাপাশি আবাসন, প্রশাসনিক কার্যক্রম, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, পরিবহণ, ফরাসি ভাষা শিক্ষা, চাকরির বাজার, গবেষণা এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নতুন শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞ শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ স্টুডেন্টস নেটওয়ার্ক ফ্রান্সের সভাপতি ড. শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক মিহসান তামিম। উদ্যোক্তা, গবেষক ও শিক্ষাবিদ ড. শামীম আহমেদ প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। অনুষ্ঠানের সমন্বয় ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মিহসান তামিম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন প্যারিসে পর্যটন ও ভ্রমণ খাতের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক তানজিম হোসাইন। তিনি শিক্ষার্থীদের ফরাসি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি পড়াশোনার সময় থেকেই ভবিষ্যৎ পেশাজীবনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।
বিমান ও মহাকাশশিল্পের গবেষণা ও উন্নয়ন খাতের প্রকৌশলী ড. ফ্রাঁসোয়া মিয়া ইউরোপের কর্মবাজারে প্রযুক্তিনির্ভর পেশার সুযোগ ও সম্ভাবনা তুলে ধরেন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে কর্মরত ড. আবুল হাসনাত বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সের মূলধারার সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান। স্থানীয় সামাজিক কার্যক্রম, পেশাজীবী সংগঠন ও বিভিন্ন নেটওয়ার্কে সম্পৃক্ততার মাধ্যমে নিজেদের পরিচিতি ও যোগাযোগের পরিধি বাড়ানোর পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে ফ্রান্সে উচ্চশিক্ষা ও গবেষণার বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ স্টুডেন্টস নেটওয়ার্ক ফ্রান্সের কোষাধ্যক্ষ এবং প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়ের ভৌত রসায়ন ইনস্টিটিউটের পিএইচডি গবেষক আবদুল্লাহ আল মাসুম নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ এবং একাডেমিক নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন।
আয়োজনের বিভিন্ন কার্যক্রমে সংগঠনের ব্র্যান্ড নির্বাহী জাকারিয়া ভূঁইয়া ও যোগাযোগ নির্বাহী মোহাম্মদ রাকিবুল হাসান দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ স্টুডেন্টস নেটওয়ার্ক ফ্রান্সের সভাপতি ড. শামীম আহমেদ বলেন, নতুন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ তৈরি এবং প্রয়োজনের সময়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। অভিজ্ঞ শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের সঙ্গে নতুনদের যোগাযোগ হলে ফ্রান্সে তাদের শিক্ষা ও পেশাগত পথচলা আরও সহজ হবে।
আয়োজকদের মতে, ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের পাশাপাশি ফরাসি ভাষা, সামাজিক সম্পৃক্ততা, পেশাগত দক্ষতা এবং আন্তর্জাতিক যোগাযোগ তৈরিতেও গুরুত্ব দিতে হবে। অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা ও ক্যারিয়ারের জন্য শক্ত ভিত গড়ে তুলতে পারবেন।
নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিভি/টিটি













মন্তব্য করুন: