• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

কঠোর হচ্ছে সৌদি, এক সপ্তাহে ফেরত দিলো ১৪ হাজার প্রবাসীকে

প্রকাশিত: ২২:২৭, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কঠোর হচ্ছে সৌদি, এক সপ্তাহে ফেরত দিলো ১৪ হাজার প্রবাসীকে

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে বিভিন্ন দেশের ১৩ হাজার ৯৩৫ জন প্রবাসীকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে। একই সময়ে দেশজুড়ে যৌথ নিরাপত্তা অভিযানে গ্রেফতার করা হয়েছে ৯ হাজার ১৬৯ জনকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৭৯৭ জন আবাসন আইন, ২ হাজার ৬২৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৭৪৯ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৭৩ জন এবং সীমান্ত পেরিয়ে দেশটি থেকে অবৈধভাবে বের হওয়ার চেষ্টাকালে ২১ জনকে আটক করা হয়েছে। সৌদি সংবাদমাধ্যম সাবাক এ তথ্য জানিয়েছে।

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া, নিয়োগ কিংবা গোপনে অবস্থানে সহায়তার অভিযোগে আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩৮ হাজার ৪৮৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৩৬ হাজার ৩৭৮ জন পুরুষ এবং ২ হাজার ১০৫ জন নারী।

আইনি প্রক্রিয়ার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে ২৪ হাজার ২২২ জনকে ভ্রমণসংক্রান্ত নথিপত্র সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পাঠানো হয়েছে ৮ হাজার ৮৪০ জনকে। এ ছাড়া ১৩ হাজার ৯৩৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানা

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা, দেশের ভেতরে পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা যেকোনো ধরনের সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন ও আবাসনও জব্দ করা হতে পারে। পাশাপাশি অপরাধে জড়িত ব্যক্তিদের পরিচয় জনসমক্ষে প্রকাশের বিধান রয়েছে।

মন্ত্রণালয় বলেছে, এসব অপরাধ গুরুতর হিসেবে বিবেচিত হয় এবং এর জন্য অভিযুক্ত ব্যক্তিদের আটক রাখা হতে পারে। এগুলো অসততা ও বিশ্বাসভঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধ হিসেবেও গণ্য।

আইন লঙ্ঘনের ঘটনা জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য এলাকায় ৯৯৯ ও ৯৯৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, অভিযোগকারীদের পরিচয় ও তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে এবং অভিযোগ জানানোর কারণে তাদের কোনো দায়ের মুখোমুখি হতে হবে না। সূত্র: গাল্ফ নিউজ

বিভি/এজেড

মন্তব্য করুন: