১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে না দাবি করে সেনাপ্রধানের নামে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার
ছবি: সংগৃহীত
সম্প্রতি, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে না জানালেন সেনাপ্রধান’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে না শীর্ষক কোনো মন্তব্য করেননি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উর-জামান। প্রকৃতপক্ষে, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও ব্যবহার করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৫ আগস্ট প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।
উক্ত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, পাঁচ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের বিষয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেনাপ্রধান ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে সে সময় কথা বলেননি এবং সেটা অবান্তরও। কারণ নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে গত ডিসেম্বরে। এই ভাষণের প্রায় দেড় বছর পর।
এছাড়া সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত দাবি করে মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে সংবাদ প্রচার হতো। তবে উক্ত বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে না জানালেন সেনাপ্রধান শীর্ষক দাবিটি মিথ্যা।
বিভি/এআই



মন্তব্য করুন: