• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের আমীরের সাথে ব্যক্তিগতভাবে সময় ব্যয় করা সংক্রান্ত কোনো মন্তব্য করেননি ঢাবি শিক্ষিকা

প্রকাশিত: ১৬:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জামায়াতের আমীরের সাথে ব্যক্তিগতভাবে সময় ব্যয় করা সংক্রান্ত কোনো মন্তব্য করেননি ঢাবি শিক্ষিকা

কর্মজীবী নারীকে অবমাননা করে সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে চলছে বিতর্ক ও উত্তেজনা। তবে জামায়াত দাবি করেছে, অ্যাকাউন্টটি হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে দাবি প্রচার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) বলেছেন, ‘জামাতের আমীরের সাথে আমি ব্যক্তিগতভাবে অনেক সময় ব্যয় করেছি কিন্তু তার নারীদের প্রতি যে সম্মান-ভালোবাসা সেটি আমাকে বিমোহিত করেছে। তার এধরনের শব্দ বলা আমি বিশ্বাস করি না।’  

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে হওয়া পোস্টের ইস্যুতে আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির স্বপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে হওয়া পোস্টের ইস্যুর পর এ বিষয়ে এখন পর্যন্ত মোনামীকে দুইটি পোস্ট করতে দেখা যায়, যার কোনোটিতেই আলোচিত মন্তব্যের উল্লেখ পাওয়া যায়নি।  

এ বিষয়ে গত ১ ফেব্রুয়ারিতে একটি পোস্ট শেয়ার করে মোনামী লিখেন, ‘গতকাল থেকে জামায়াত ইস্যুতে আমাকে রিলেট করে অনেকেই অনেক রকম কথা বলছেন। আমি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নই যে রাজনীতির সব বিষয়ে আমাকে রেসপন্স করতে হবে। শারীরিকভাবে অসুস্থ থাকায় গতকাল রাতে আমি সোশ্যাল মিডিয়ায় ছিলাম না। আজ ঘুম থেকে উঠে সেই ভাইরাল পোস্ট দেখি, এবং ইতোমধ্যে জামায়াত থেকে এর রেসপন্স/ক্ল্যারিফিকেশন এসেছে। জামায়াতের এই এক্সপ্ল্যানেশন শুনে আমার মনে হয়নি সেই পোস্টটি তাদের টিমের পক্ষ থেকে দেওয়া হয়েছে। জামাত এভিডেন্সসহ তাদের ক্ল্যারিফিকেশন দিয়েছে and I am convinced. আপনি/আপনারা কনভিন্সইড না হলে সেটা আপনার/আপনাদের ব্যক্তিগত ব্যাপার।’

সুতরাং, শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে হওয়া পোস্টের ইস্যুতে ‘জামাতের আমিরের সাথে আমি ব্যক্তিগতভাবে অনেক সময় ব্যয় করেছি’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা। 

সূত্র: রিউমর স্ক্যানার  

বিভি/এসজি

মন্তব্য করুন: