• NEWS PORTAL

  • রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সিইসির বিএনপি-জামায়াতের ভোট সংখ্যা ঘোষণার ভুয়া ভিডিও প্রচার 

প্রকাশিত: ১৬:৪০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সিইসির বিএনপি-জামায়াতের ভোট সংখ্যা ঘোষণার ভুয়া ভিডিও প্রচার 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ১২ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করছেন এমন একটি ভিডিও ছড়িয়েছে টিকটকে। ভিডিওতে এ এম এম নাসির উদ্দিনকে বলতে শোনা যায়, নির্বাচন শেষ। বিএনপি ৮ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৩২২ ভোট পেয়েছে। জামায়াতে ইসলামী ৫ কোটি ৩০ লাখ ৯ হাজার ২২ ভোট পেয়েছে জামায়াত।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওতে ফলাফল সংক্রান্ত এমন কোনো বক্তব্য দেননি এ এম এম নাসির উদ্দিন বরং, ডিপফেক প্রযুক্তির মাধ্যমে প্রথম আলোর একটি লাইভ ফুটেজ ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওতে প্রথম আলোর লোগোর সূত্র ধরে পত্রিকাটির ফেসবুক পেজে গত ১২ ফেব্রুয়ারির একটি লাইভ ফুটেজ পাওয়া যায়। উক্ত ভিডিওতে সিইসি এ এম এম নাসির উদ্দিনকে আলোচিত দাবি সংবলিত কোনো বক্তব্য দিতে দেখা যায়নি।

প্রচার হওয়া ভিডিওটি বিশ্লেষণ করে বক্তব্যে অস্পষ্টতা এবং ঠোঁটের নড়াচড়ার সাথে কথার অমিল পরিলক্ষিত হয় যা এআই কনটেন্টের একটি সাধারণ ধরণ। ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা কমপক্ষে ৭৫ থেকে ৮৮ শতাংশ বলে জানা গেছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পূর্ণাঙ্গ ফল নিয়ে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গতকাল জানান, সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ এবং গণভোটে ৬০.২৬ শতাংশ ভোট পড়েছে। মোট কত ভোট পড়েছে সে সংখ্যা এখন অবধি জানায়নি ইসি। 

সুতরাং, তারেক রহমান ও জামায়াতের ভোট সংখ্যার ভুয়া তথ্য জানিয়ে সিইসির নামে যে ভিডিও প্রচার করা হয়েছে; তা এআই জেনারেটেড।

বিভি/এসজি

মন্তব্য করুন: