থামছেই না হামের প্রকোপ: খালি হচ্ছে একের পর এক মায়ের কোল
ছবি: সংগৃহীত
দেশে হামের প্রকোপে উদ্বেগ কাটছে না। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছে বহু মানুষ, যাদের বড় একটি অংশ শিশু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ১ হাজার ৮৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের পরিস্থিতি তুলে ধরা হয়েছে এতে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ১০২ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যুর সব ঘটনাই ঘটেছে ঢাকা বিভাগে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আরও ৪৩ জন। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৬৬ জনে।
শুধু নিশ্চিত সংক্রমণ নয়, সন্দেহভাজন রোগীর সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে চলতি বছর দেশে সন্দেহভাজন হাম সংক্রমণের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে।
প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে শিশুদের সুরক্ষা, দ্রুত রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: