ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ৭ জনই ঢাকা বিভাগের
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগ নিয়ে নতুন করে এক হাজার ৫৯৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে সাতজনই ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরের এলাকার) এবং অপর একজন খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩৬৭ জন রয়েছেন ঢাকা মহানগর এলাকায়। এ ছাড়া রাজশাহী বিভাগে ২২৯ জন, খুলনা বিভাগে ২২০ জন, বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ২০৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। চিকিৎসা শেষে তাদের মধ্যে এক লাখ ৪৭ হাজার ১৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৭৪ জনের।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। উল্লেখ্য, গত বছর (২০২৫ সাল) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক লাখ ২ হাজার ৮৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।
বিভি/বিএস/এসজি













মন্তব্য করুন: